Thursday 12 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জঙ্গলের খাঁচাবন্দি টারজান: হো ভান লাংয়ের অবিশ্বাস্য জীবনকাহিনি

ফারহানা নীলা
১২ নভেম্বর ২০২৬ ১৮:৫৮

সভ্যতার আলো থেকে বহুদূর, যেখানে আধুনিকতার কোনো ছোঁয়া নেই, নেই কোনো বিদ্যুৎ কিংবা যান্ত্রিক কোলাহল—এমন এক নিভৃত অরণ্যে জীবনের ৪১টি বছর কাটিয়ে দিয়েছেন এক মানুষ। রূপকথার পাতায় টারজানের গল্প পড়ে আমরা অনেকেই হয়তো বিস্মিত হয়েছি, কিন্তু ভিয়েতনামের গভীরে ঘটে যাওয়া এই বাস্তব ঘটনা রূপকথার চেয়েও অনেক বেশি রোমাঞ্চকর ও বিস্ময়কর। মার্কিন বোমাবর্ষণের বিভীষিকা থেকে বাঁচতে ছোট্ট এক শিশুকে নিয়ে তার বাবা হারিয়ে গিয়েছিলেন বনের পর বিনে। লোকালয় থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন সেই মানুষটির নাম হো ভান লাং, যিনি পরবর্তীতে বিশ্বের কাছে পরিচিত হয়ে ওঠেন রিয়েল লাইফ ‘টারজান’ নামে। মানুষের অবিশ্বাস্য টিকে থাকার লড়াই এবং প্রকৃতির সঙ্গে লড়াই করে বেঁচে থাকার এই গল্প যেন এক রহস্যময় উপাখ্যান।

বিজ্ঞাপন

যুদ্ধের ভয়াবহতা থেকে বনের গহ্বরে আশ্রয়

১৯৭২ সালের ভিয়েতনাম যুদ্ধের সময় মার্কিন বাহিনীর নৃশংস বোমা হামলায় মর্মান্তিকভাবে প্রাণ হারান হো ভান লাংয়ের পরিবারের বেশকজন সদস্য। এই ভয়াবহ মানসিক আঘাত ও ট্রমা সহ্য করতে না পেরে তার বাবা হো ভান থান মানসিকভাবে ভেঙে পড়েন। স্ত্রী ও বাকি সন্তানদের হারানোর শোক এবং যুদ্ধের তীব্র আতঙ্ক তাকে এতটাই গ্রাস করেছিল যে, তিনি ছোট্ট শিশু লাংকে সঙ্গে নিয়ে কুয়াং নগাই প্রদেশের এমন এক গভীর জঙ্গলে আশ্রয় নেন, যেখানে মানুষের কোনো পদচারণা ছিল না। বাবা ও ছেলের সেই বিচ্ছিন্ন জীবন শুরু হয়েছিল এমন এক সময়ে, যখন বিশ্বজুড়ে প্রযুক্তি ও সভ্যতার আধুনিকায়ন ঘটছে। কিন্তু তাদের ছোট্ট পৃথিবী সীমাবদ্ধ হয়ে পড়েছিল কেবল বিশাল সব গাছের ছায়া আর বন্য প্রকৃতির মাঝে।

গাছের ডালে ঘর করে বেঁচে থাকার লড়াই

বনের গহ্বরে বেঁচে থাকার জন্য বাবা-ছেলে দুজনে মিলে গড়ে তুলেছিলেন অদ্ভুত এক জীবনযাত্রা। হিংস্র প্রাণী ও প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে তারা গাছের অনেক উঁচুতে ডালে ঘর বানিয়ে বসবাস করতেন। আধুনিক কোনো পোশাক বা সুতার ব্যবহার না থাকায় গাছের বাকল ও নানা গাছের পাতা দিয়ে তারা নিজেদের শরীর ঢাকার ব্যবস্থা করেছিলেন। খাদ্যের জন্য তাদের পুরোপুরি নির্ভর করতে হতো বনের ওপর। বন্য ফলমূল, মধু এবং বিভিন্ন উদ্ভিদ সংগ্রহের পাশাপাশি তারা বেঁচে থাকার তাগিদে শিকার করতেন পাখি, ইঁদুর, সাপ ও বন্যপ্রাণী। বাইরের পৃথিবীর কোনো মানুষের ওপর তাদের কোনো ভরসা ছিল না এবং অচেনা কাউকে দেখলেই তারা গভীর জঙ্গলে লুকিয়ে পড়তেন। এমনকি লাংয়ের বাবা দীর্ঘদিন ধরে বিশ্বাস করতেন যে যুদ্ধ এখনো শেষ হয়নি এবং বাইরে গেলে তাদের মৃত্যু অনিবার্য।

অদ্ভুত অজ্ঞতার রহস্য

দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে লোকালয় থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকায় আধুনিক পৃথিবীর সামাজিক রীতিনীতি সম্পর্কে বিন্দুমাত্র ধারণা ছিল না লাংয়ের। অভিযাত্রী আলভারো সেরেজোর সঙ্গে পরবর্তীকালে কথোপকথনে এক অবিশ্বাস্য তথ্য বেরিয়ে আসে। সেরেজোর দাবি অনুযায়ী, দীর্ঘ জীবনে লাংয়ের বাবা তাঁকে কখনো নারী ও পুরুষের জৈবিক বা সামাজিক পার্থক্য বুঝিয়ে বলেননি। এমনকি সভ্য সমাজের নারীদের অস্তিত্ব সম্পর্কেও লাংয়ের কোনো ধারণাই ছিল না। বনের গহ্বরে কেবল একটি পুরুষ মানুষের সঙ্গেই তাঁর জীবন কাটায় মানব সমাজের অন্য একটি রূপ বা নারীর অবয়ব কেমন হতে পারে, তা তাঁর কাছে সম্পূর্ণ কল্পনার বাইরে ছিল। সভ্যতার অগ্রগতির যুগে এমন নিঃসঙ্গ জীবনযাপন আধুনিক মানুষের কাছে এক অবিশ্বাস্য ও অবাস্তব ঠেকে।

আধুনিক জীবনের ধাক্কা ও বনের হাতছানি

২০১৩ সালের আগস্টে বার্ধক্য ও অসুস্থতাজনিত কারণে বাবা হো ভান থানকে নিয়ে লোকালয়ে ফিরে আসতে বাধ্য হন লাং। তখন তাঁর বয়স ছিল প্রায় বিয়াল্লিশ বছর। হঠাৎ করেই কংক্রিটের দালানকোঠা, কোলাহলপূর্ণ রাস্তাঘাট এবং আধুনিক মানুষের ভিড়ে খাপ খাইয়ে নিতে তাঁর প্রচণ্ড কষ্ট হয়েছিল। গ্রামের পরিবেশে বসবাস শুরু করলেও তাঁর মন পড়ে থাকত সেই চেনা জঙ্গলের সবুজ ক্যানভাসে। ২০১৭ সালে তাঁর বাবা মারা যাওয়ার পর তিনি ছোট ভাই হো ভান ত্রির পরিবারের সঙ্গে থাকতে শুরু করেন। সভ্যতার স্পর্শে আসার পর আধুনিক খাবার ও জীবনযাত্রার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও প্রকৃতির সেই মুক্ত হাওয়া ও নিঃসঙ্গ স্বাধীনতাকে তিনি প্রতিনিয়ত মিস করতেন।

মর্মান্তিক পরিণতি ও এক যুগের সমাপ্তি

লোকসমাজে ফিরে আসার পর নতুন জীবনের সঙ্গে মানিয়ে নেওয়ার লড়াই খুব দীর্ঘস্থায়ী হয়নি। প্রকৃতির সন্তান হিসেবে বেড়ে ওঠা মানুষটি শেষ পর্যন্ত আধুনিক জীবনের জটিল রোগব্যাধির কাছে পরাজিত হন। ২০২১ সালের ৬ সেপ্টেম্বর যকৃতের ক্যানসারে আক্রান্ত হয়ে মাত্র বাহান্ন বছর বয়সে না ফেরার দেশে চলে যান হো ভান লাং। জীবনের প্রথম ৪১ বছর বনের পশুপাখির সঙ্গে কাটিয়ে আধুনিক পৃথিবীতে ফিরে আসা এই ‘টারজান’-এর জীবনাবসান ঘটে আকস্মিকভাবে। তাঁর এই প্রস্থান মানুষের মনে এক গভীর বেদনার জন্ম দেয়। সভ্যতার আলো থেকে দূরে থেকেও মানব মনের বেঁচে থাকার প্রবল ইচ্ছা এবং প্রকৃতির কোলে বেড়ে ওঠার এই রোমাঞ্চকর কাহিনী পৃথিবীর ইতিহাসে এক চিরস্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

দেশটা জুড়ে রোগের রাজত্ব!
১২ নভেম্বর ২০২৬ ১৮:৩৬

আরো

ফারহানা নীলা - আরো পড়ুন
সম্পর্কিত খবর