Thursday 12 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সংসদে তথ্য প্রতিমন্ত্রী / প্রধানমন্ত্রীর ছবি-নাম ব্যবহার করা ১৩৭ ভুয়া অ্যাকাউন্ট ও পেজ শনাক্ত

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৬ ২০:১৪

প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

ঢাকা: সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে ৮০০টির বেশি ফেসবুক অ্যাকাউন্ট এবং ১০০টির বেশি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট চিহ্নিত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)। পাশাপাশি সংবাদপত্র ও টেলিভিশনের অনুকরণে অপতথ্য ও প্রোপাগান্ডা ছড়ানো ১৯টি ওয়েবসাইট এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম ও ছবি ব্যবহার করে পরিচালিত ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপও শনাক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত আসনের সংসদ সদস্য শিরিন সুলতানার লিখিত প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের পক্ষে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

বিজ্ঞাপন

এর আগে বিকেল সাড়ে ৪টায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

সংসদে জানানো হয়, পিআইবির ফ্যাক্ট চেক ও মিডিয়া অ্যানালাইসিস কার্যক্রম ‘বাংলাফ্যাক্ট’ এ পর্যন্ত ১ হাজার ১৭২টি ফ্যাক্ট চেক, বিশ্লেষণ ও অনুসন্ধানী প্রতিবেদন এবং ভিডিও প্রকাশ করেছে; যার মধ্যে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রকাশিত হয়েছে ৫৫২টি। বর্তমানে বাংলাফ্যাক্ট প্রতিদিন গড়ে ৩ থেকে ৫টি দাবির সত্যতা যাচাই করছে এবং গণমাধ্যমকর্মীদের জন্য শিগগিরই একটি ‘ফ্যাক্ট চেক ম্যানুয়াল’ প্রকাশ করবে। এ ছাড়া ওয়েবসাইটটির (banglafact.com) মাধ্যমে ডিজিটাল লিটারেসি ও মিডিয়া অ্যানালাইসিস বিষয়ক কনটেন্ট সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, গুজব ও হেটস্পিচ মোকাবিলা, মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে সারা দেশে প্রশিক্ষণ কার্যক্রম চলছে। ২০২৫-২৬ অর্থবছরে ৬৪ জেলায় ৯৭টি কর্মশালায় ৪ হাজার ৯৫ জন এবং চলতি ২০২৬-২৭ অর্থবছরে ২২টি কর্মশালায় ৭১৬ জন সাংবাদিককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর মধ্যে বর্তমান সরকারের আমলে ৪৪টি তিন দিনব্যাপী প্রশিক্ষণে অংশ নিয়েছেন ১ হাজার ৬৯১ জন সাংবাদিক।

এ ছাড়া পিআইবিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে মাস্টার্স ও ডিপ্লোমা কোর্সের পাশাপাশি অনলাইনে ই-লার্নিং ও অর্ধশতাধিক শিক্ষামূলক ভিডিও বিনামূল্যে শেখার সুযোগ রয়েছে। গবেষণা ও আর্কাইভ কার্যক্রমের অংশ হিসেবে ২০২৪ সালের ১ জুলাই থেকে ১০টি জাতীয় দৈনিক ডিজিটাইজ করে সংরক্ষণ করা হচ্ছে এবং বিগত সময়ে গণমাধ্যম ব্যবহার করে চরিত্রহননের ওপর ‘বাংলাদেশে শিকারি সাংবাদিকতা’ ও ‘শিকারি সাংবাদিকতা : নিশানায় খালেদা জিয়া’ নামে দুটি গবেষণাগ্রন্থ প্রকাশ করেছে পিআইবি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর