ঢাকা: সৌদি আরবের মক্কা ও মদিনায় ক্ষেপণাস্ত্র হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি বলেছেন, সৌদি আরবের পাশে সারাবিশ্বের ২০০ কোটি মুসলমান রয়েছে এবং সৌদি সরকার যুদ্ধের আহ্বান জানালে বাংলাদেশের ১৮ কোটি মুসলমান দেশটির পাশে থেকে যুদ্ধ করতে প্রস্তুত।
শুক্রবার (১৩ নভেম্বর) জুমার নামাজের পর রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বাংলাদেশ খেলাফত আন্দোলন আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি বলেন, ‘পবিত্র দুই নগরীর নিরাপত্তার প্রশ্নে সারা পৃথিবীর মুসলমানরা একতাবদ্ধ এবং তারা সৌদি সরকারের আহ্বানের অপেক্ষায় রয়েছেন।’
অতীতের ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলে মক্কার হারাম শরিফে অনাকাঙ্ক্ষিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটলে সৌদি সরকারের অনুরোধে বাংলাদেশ থেকে সেনাবাহিনীর একটি চৌকস দল পাঠানো হয়েছিল। তারা সফলভাবে হারাম শরিফ থেকে সন্ত্রাসীদের উৎখাত করেছিল। সে সময় বাংলাদেশ যেভাবে সৌদি আরবের পাশে দাঁড়িয়েছিল, আজও ঠিক একইভাবে পাশে রয়েছে।’
আন্তর্জাতিক যুদ্ধ আইন লঙ্ঘন করে পবিত্র ভূমিতে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে খেলাফত আন্দোলনের আমির বলেন, ‘জাতিসংঘের মাধ্যমে এই হামলায় জড়িত হুথিদের সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।’
ঢাকায় নিযুক্ত সৌদি দূতাবাসের উদ্দেশে তিনি বলেন, ‘বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ সবসময় সৌদি আরবের পাশে রয়েছে এবং প্রয়োজনে বিশ্ব মুসলিম ঐক্যের ডাক দিলে সারা পৃথিবী তাদের সঙ্গে থাকবে।’
বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের অন্যান্য শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত থেকে বক্তব্য দেন। সমাবেশ শেষে সংগঠনের নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল বের করেন।