রাজধানীর মহাখালীর দূরবীন বাংলা রেস্টুরেন্টে বসার জায়গা নিয়ে বিরোধের জেরে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী ও প্রতিষ্ঠানটির কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুই পক্ষের মধ্যে হামলা ও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এতে তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আদনান মাথায় বড় আঘাত পেয়েছেন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলছে।
দূরবীন বাংলার দায়িত্বপ্রাপ্ত এক ম্যানেজারের ভাষ্য, শুক্রবার হওয়ায় প্রতিষ্ঠানটিতে তুলনামূলক বেশি ভিড় ছিল। এ সময় তিতুমীর কলেজের শিক্ষার্থী পরিচয়ে একজন সেখানে এসে টোকেন না নিয়ে ছয়জনের বসার জায়গায় একা বসেন। বিষয়টি প্রতিষ্ঠানের কর্মীরা তাঁকে জানালে এ নিয়ে কথা কাটাকাটি হয়। পরে তিনি আরও কয়েকজনকে নিয়ে এসে কর্মীদের ওপর হামলা ও প্রতিষ্ঠানে ভাঙচুর চালান।
তবে শিক্ষার্থীদের অভিযোগ, খাবার খেতে গিয়ে বসার জায়গা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিষ্ঠানের কর্মীরা তাঁদের সহপাঠীদের সঙ্গে খারাপ ব্যবহার করেন এবং তাঁদের গায়ে হাত তোলেন। এ খবর পেয়ে সাধারণ শিক্ষার্থীরা সেখানে গেলে কর্মীরা তাঁদের ওপরও চড়াও হন।
এ বিষয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আদনান বলেন, প্রথমে আমাদের তিতুমীর কলেজের ভাইয়েরা খাবার খাওয়ার সময় সিরিয়ালে বসা নিয়ে স্টাফদের সঙ্গে কথা কাটাকাটি হয়। সেখানে স্টাফরা তিতুমীরের ভাইদের সঙ্গে খারাপ ব্যবহার করেন এবং তাঁদের গায়ে হাত তোলেন। স্টাফরা সংখ্যায় প্রায় ৫০-৬০ জন থাকায় তাঁরা আমাদের ভাইদের মারধর করেন।
তিনি আরও বলেন, এই খবর শোনার পর আমরা তিতুমীরের সাধারণ শিক্ষার্থীরা সবাই একসঙ্গে সেখানে যাই। আমরা ভেতরে গিয়ে স্টাফদের কাছে জানতে চেয়েছিলাম, কেন তাঁরা আমাদের ভাইদের ওপর হামলা করেছেন। তখন ভেতরে ঢোকার পর স্টাফরা আমাদের ওপর চড়াও হন। এ সময় ওপর থেকে ছুড়ে মারা একটি চেয়ার সরাসরি আমার মাথায় লাগে। এতে আমার মাথা ফেটে যায় এবং রক্তপাত হয়। পরে অন্য ভাইয়েরা আমাকে সেখান থেকে উদ্ধার করে নিচে নিয়ে যান এবং হাসপাতালে ভর্তি করান।