জাককানইবি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) শিক্ষার্থীর তুলনায় আবাসন সুবিধা অপ্রতুল। ফলে ৭০ শতাংশের বেশি শিক্ষার্থীকে ক্যাম্পাসের বাইরে মেস ও ভাড়া বাসায় থাকতে হচ্ছে। এতে বাড়তি বাসাভাড়ার পাশাপাশি লোডশেডিং, বিশুদ্ধ পানির সংকট, অপর্যাপ্ত স্যানিটেশন ও নিরাপত্তাহীনতাসহ নানা সমস্যায় পড়ছেন তারা। এদিকে আবাসন সংকট কমাতে নির্মাণাধীন দুটি আবাসিক হলের কাজ নির্ধারিত সময়ে শেষ হয়নি। দুই দফা মেয়াদ বাড়ানোর পরও নির্মাণকাজ অসমাপ্ত থাকায় সংকট আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে জাককানইবিতে শিক্ষার্থী রয়েছেন ৯ হাজার ৮১৪ জন। এর মধ্যে ৪ হাজার ৮০৫ জন ছাত্র এবং ৫ হাজার ৯ জন ছাত্রী। বিপরীতে দুটি ছাত্র ও দুটি ছাত্রী হলে মোট আসন রয়েছে ২ হাজার ৮৫৮টি। অর্থাৎ মোট শিক্ষার্থীর মাত্র ২৯ দশমিক ১২ শতাংশ আবাসিক হলে থাকার সুযোগ পাচ্ছেন। ছাত্রদের জন্য রয়েছে ১ হাজার ৪৯৪টি এবং ছাত্রীদের জন্য ১ হাজার ৩৬৪টি আসন। সে হিসাবে ছাত্রদের প্রায় ৩১ দশমিক ০৯ শতাংশ এবং ছাত্রীদের ২৭ দশমিক ২৩ শতাংশ আবাসন সুবিধা পাচ্ছেন।
শিক্ষার্থীদের অভিযোগ, হলে আসন পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। অনেক শিক্ষার্থী দ্বিতীয় বর্ষে উঠেও হলে আসন পান না। এমনকি স্নাতকোত্তর পর্যায়েও অনেককে আবাসনের জন্য অপেক্ষা করতে হয়। ফলে বিশ্ববিদ্যালয়ের আশপাশে গড়ে ওঠা মেস ও ভাড়া বাসাই তাঁদের একমাত্র ভরসা। তবে এসব আবাসনেও স্বস্তিতে নেই শিক্ষার্থীরা। নিয়মিত লোডশেডিং, বিশুদ্ধ পানির সংকট, অপর্যাপ্ত স্যানিটেশন, অতিরিক্ত বিদ্যুৎ বিল এবং বাড়িওয়ালাদের অসহযোগিতার অভিযোগ রয়েছে। একই সঙ্গে বাসাভাড়া, সিলিন্ডার গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খরচ বেড়ে যাওয়ায় শিক্ষার্থীদের মাসিক ব্যয়ের চাপও বাড়ছে।
ফোকলোর বিভাগের শিক্ষার্থী মেহেজাবিন চৌধুরী বলেন, হলে আসন না পাওয়ায় তাকে মেসে থাকতে হচ্ছে। মেসভাড়া, সিলিন্ডার গ্যাস ও অন্যান্য খরচ মিলিয়ে প্রতি মাসে বড় অঙ্কের টাকা ব্যয় হচ্ছে। এর ওপর লোডশেডিংয়ের কারণে পড়াশোনায়ও সমস্যা হচ্ছে। ক্যাম্পাসের বাইরে থাকা ছাত্রীদের নিরাপত্তার বিষয়টিও উদ্বেগের বলে জানান তিনি।
নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের শিক্ষার্থী আসিফ আনাস বলেন, আশপাশের বাসাগুলোর সুযোগ-সুবিধার তুলনায় ভাড়া বেশি। লোডশেডিং, অতিরিক্ত বিদ্যুৎ বিল ও বাড়িওয়ালাদের অসহযোগিতার কারণে শিক্ষার্থীদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে।
আবাসন সংকট কমাতে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে প্রায় দেড়শ কোটি টাকা ব্যয়ে ১ হাজার ৬০০ আসনবিশিষ্ট দুটি ১০ তলাবিশিষ্ট আবাসিক হলের নির্মাণকাজ শুরু হয়। তবে নির্ধারিত সময় পেরিয়ে দুই দফা মেয়াদ বাড়ানো হলেও এখনো নির্মাণকাজ শেষ হয়নি।
সরেজমিনে দেখা গেছে, নির্মাণাধীন ভবন দুটিতে অল্পসংখ্যক শ্রমিক কাজ করছেন। সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, একই ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে একাধিক ভবনের নির্মাণকাজ চলায় শ্রমিক সংকটসহ বিভিন্ন জটিলতা তৈরি হয়েছে। এতে হল দুটির নির্মাণকাজের গতি কমেছে। প্রকল্পটির ঠিকাদারি প্রতিষ্ঠান সিএসআই কনস্ট্রাকশন লিমিটেড।
অন্যদিকে, হল দুটির নির্মাণকাজ শুরুর বেশ কিছুদিন পর বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের জন্য ১০ তলাবিশিষ্ট আবাসিক কোয়ার্টার নির্মাণের কাজ শুরু হলেও সেটি এরই মধ্যে শেষ হয়েছে। গত জুলাই থেকে কর্মচারীরা ওই কোয়ার্টারে বসবাস শুরু করেছেন। তবে কর্মচারীদের কোয়ার্টার নির্মাণ শেষ হয়ে ব্যবহার শুরু হলেও শিক্ষার্থীদের জন্য নির্মাণাধীন দুটি হল এখনো চালু করা সম্ভব হয়নি।
ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী জুয়েল মিয়া বলেন, ভবন দুটির অধিকাংশ কাজ শেষ হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে নির্মাণকাজ শেষ করার আশা করছেন তারা। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ার কারণ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পদে বারবার পরিবর্তন ও ফাইল আটকে থাকার বিষয়টি উল্লেখ করেন তিনি।
এ বিষয়ে প্রকল্প পরিচালক প্রকৌশলী সৈয়দ মোফাছিরুল ইসলামের বক্তব্য জানতে চাইলে উপাচার্যের অনুমতি ছাড়া প্রকল্পের বিষয়ে কোনো তথ্য দেওয়া সম্ভব নয় বলে জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম বলেন, আবাসন সংকটের বিষয়টি প্রশাসনের জানা আছে। বর্তমানে চারটি হলের পাশাপাশি আরও দুটি হল নির্মাণাধীন। নতুন হল দুটি দ্রুত চালুর বিষয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে। এগুলো চালু হলে আবাসন সংকট অনেকটাই কমবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মোশারফ হোসেন বলেন, নতুন দুটি হলের নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। সেপ্টেম্বরেই ভবন দুটি হস্তান্তরের কথা রয়েছে। প্রয়োজনীয় আসবাবপত্রের ব্যবস্থাও করা হয়েছে। চলতি বছরের মধ্যেই শিক্ষার্থীদের মধ্যে আসন বরাদ্দ দেওয়ার আশা করছেন তিনি। নতুন দুটি হলে প্রায় তিন হাজার শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা হবে বলেও জানান উপাচার্য।