চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালীতে শ্বশুরবাড়ি থেকে সাবেক উপজেলা চেয়ারম্যান মৃত বদিউল আলমের পুত্র মো. জাহেদ হোসেনের (৫০) ঝুলন্ত মরদেহ এবং একই কক্ষ থেকে তার ৭ মাস বয়সি যমজ কন্যাশিশু জারিন ও জাসিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্ত্রী, শাশুড়ি ও শ্যালিকাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্ভর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাধ্যমে পুঁইছড়ি মাওলার পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দেড় বছর আগে পারিবারিকভাবে পুঁইছড়ি ইউনিয়নের শামসুল আলমের মেয়ে আফিয়া বেগমের সঙ্গে জাহেদ হোসেনের বিয়ে হয়। বিয়ের পর প্রথম তিন মাস তারা নগরীর একটি ভাড়া বাসায় থাকতেন। পরে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে থাকতে শুরু করেন জাহেদ।
বাঁশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ‘সন্ধ্যা ৬টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে জাহেদ হোসেনকে ঘরের বিমে ঝুলন্ত অবস্থায় এবং একই কক্ষে খাটের পাশে মেঝেতে পাশাপাশি দুই শিশুকে মৃত অবস্থায় পাওয়া যায়।’
সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মাহমুদুল হাসান বলেন, ‘ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে, যেখানে শাশুড়ির কাছে ২ লাখ টাকা পাওয়ার কথা লেখা রয়েছে। চিঠিটি তার কি না তা যাচাই করা হচ্ছে। থানা পুলিশ ও স্থানীয়দের সহায়তায় মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’