চট্টগ্রাম: চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিশেষ অভিযানে ১ হাজার ৭৫ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৫৪৯ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৮৩ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) থেকে শনিবার (১৪ নভেম্বর) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে তাদের আটক-গ্রেফতার করা হয়।
চট্টগ্রাম রেঞ্জের তথ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি ৮৫ জন, আগের মামলার আসামি ১২৪ জন, পুলিশ আইনের ৩৪ ধারায় ৫০ জন এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ১৩ জন রয়েছেন। এ ছাড়া ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৩৮ জন, গ্রেফতারি পরোয়ানামূলে ১৩৫ জন এবং সাজা পরোয়ানামূলে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদকসংক্রান্ত মামলায় গ্রেফতার করা হয়েছে ৬১ জনকে। তাদের মধ্যে মাদক বহনের অভিযোগে চারজন এবং মাদক সেবনের অভিযোগে ৫৭ জন রয়েছেন।
এ ছাড়া নিয়মিত ও অন্যান্য মামলায় মাদক কারবারের অভিযোগে আরও ৬১ জনকে গ্রেফতার করা হয়েছে। বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে ১২২ জনকে। মাদকবিরোধী অভিযানে ১২টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১২ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের কাছ থেকে ৩ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ ছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪১টি মামলা করা হয়েছে। অভিযানে ১১ হাজার ৩৪৬টি ইয়াবা বড়ি, ২১ কেজি ১৬০ গ্রাম গাঁজা, ৫০ বোতল এস্কাফ সিরাপ, দুই বোতল বিদেশি মদ ও ১০ বোতল বিয়ার উদ্ধার করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য হিসেবে গ্রেফতার ৮৩ জনের মধ্যে চট্টগ্রামে ২৫, কক্সবাজারে পাঁচ, কুমিল্লায় ২১, ব্রাহ্মণবাড়িয়ায় চার, চাঁদপুরে ১০, নোয়াখালীতে তিন, ফেনীতে তিন, লক্ষ্মীপুরে নয়, খাগড়াছড়িতে দ ‘জন এবং বান্দরবানে একজন রয়েছেন।
অন্যদিকে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৫৪৯ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৩৩৮ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ২১১ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলাভিত্তিক হিসাবে কিশোর গ্যাংয়ের সদস্য আটকের সংখ্যা সবচেয়ে বেশি কুমিল্লায়। জেলাটিতে ২২৪ জনকে আটক করা হয়েছে।
এ ছাড়া চট্টগ্রামে ৭৬ জন, কক্সবাজারে ৩০ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ৩৮ জন, চাঁদপুরে ২৫ জন, নোয়াখালীতে ২০ জন, ফেনীতে ৫২ জন, লক্ষ্মীপুরে ৫৩ জন, রাঙামাটিতে ১৩ জন, খাগড়াছড়িতে ১০ জন এবং বান্দরবানে আটজনকে আটক করা হয়েছে।