ঢাকা: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীর রাজপথে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল।
শনিবার (১৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হওয়া এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
সমাবেশে শেখ হাসিনাকে ‘পলাতক মানবতাবিরোধী অপরাধী’ আখ্যা দিয়ে রিজভী বলেন, শেখ মুজিবুর রহমানের প্রণীত ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনের আওতায় তার দেশে ফেরার কিংবা পাসপোর্ট পাওয়ার কোনো সুযোগ নেই। মানবতাবিরোধী অপরাধ এবং ছাত্র-শ্রমিকসহ সাধারণ মানুষ হত্যার দায়ে তার যে দণ্ড হয়েছে ও যেসব মামলা বিচারাধীন রয়েছে, তার প্রতিটিই তাকে ভোগ করতে হবে।’ এ সময় তিনি শেখ মুজিবুর রহমানের প্রসঙ্গ টেনে বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে ফ্যাসিবাদ কায়েমের অভিযোগও তোলেন।
আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সমালোচনা করে রিজভী অভিযোগ করেন, ‘দলটির নেতারা কলকাতা, ব্যাংকক ও সিঙ্গাপুরে বিলাসবহুল জীবন যাপন করলেও দেশে তৃণমূল কর্মীদের হাতে বোমা তুলে দিয়ে আতঙ্ক ছড়াচ্ছেন।’
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘গুম-খুন ও নির্যাতনের মুখেও জাতীয়তাবাদী যুবদল ও বিএনপির নেতাকর্মীরা কখনো মাথা নত করেননি এবং ভবিষ্যতেও করবেন না।’
ফ্যাসিবাদের যেকোনো অপচেষ্টা রুখে দিতে সারা দেশের গণতান্ত্রিক ও জাতীয়তাবাদী শক্তি রাজপথে প্রতিরোধ গড়ে তুলবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বিএনপির এই শীর্ষ নেতা।
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে অনুষ্ঠিত এই বিক্ষোভ কর্মসূচিতে ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।