যশোর: যশোরে তালিকাভুক্ত সন্ত্রাসী তৌহিদুর রহমান জুয়েলের বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দু’টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে ডিবি পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) ভোররাতে সদর উপজেলার শেখহাটি পূর্বপাড়ার জুয়েলের বাড়ির টিনের চালের নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়েল ও তার পরিবারের সদস্যরা পালিয়ে যায়। পলাতক জুয়েলের (৪২) বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরক, চাঁদাবাজি ও মাদক মামলাসহ ১৪টি মামলা রয়েছে। তিনি একই এলাকার কাজী আলমগীর হোসেনের ছেলে।
যশোরের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মামুনুর রশীদ বলেন, ‘শনিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী জুয়েলের বাড়িতে অভিযানে যায় ডিবি পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে সটকে পড়ে জুয়েল ও তার পরিবারের সদস্যরা। পরে তার বাড়ি তল্লাশি করে রান্নাঘরের টিনের চালের নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় একটি বিদেশি ৭.৬৫ এম. এম. পিস্তল, দুইটি ম্যাগাজিন, ৪ রাউন্ড পিস্তলের গুলি ও ১ রাউন্ড ওয়ান শুটারের গুলি উদ্ধার করা হয়।’
জুয়েলকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।