Sunday 15 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘নির্বাচিত সংসদে জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা ও জবাবদিহিতা বেড়েছে’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২৬ ১৫:২৪ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৬ ১৫:৪৫

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

ঢাকা: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে ১৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বা অনির্বাচিতভাবে সংসদ-সদস্য হয়েছিলেন। দীর্ঘ ১১ বছর পর প্রকৃত নির্বাচিত সংসদে জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা ও জবাবদিহি অনেক বেড়েছে।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের শপথ কক্ষে ইউএনডিপি কর্তৃক বাস্তবায়নাধীন ‘স্ট্রেনদেনিং ইনস্টিটিউশনস, পলিসিস অ্যান্ড সার্ভিসেস (এসআইপিএস)’ শীর্ষক প্রকল্পের আওতায় ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং সরকারি সম্পদ ব্যবস্থাপনায় সংসদীয় তদারকি জোরদারকরণ’ বিষয়ক এক ওরিয়েন্টেশন প্রোগ্রামে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে দেশের গণতান্ত্রিক উত্তরণ ও ভবিষ্যৎ উন্নয়ন লক্ষ্যমাত্রার কথা তুলে ধরে ডেপুটি স্পিকার বলেন, দেশের মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিজম বিতাড়িত করতে পেরেছে, ঠিক তেমনিভাবে সম্মিলিত প্রচেষ্টায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজিও অর্জন করা সম্ভব হবে। সরকারি সম্পদ ব্যবস্থাপনায় সংসদীয় তদারকি জোরদার করার মাধ্যমে দেশে সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করতে বর্তমান সংসদ-সদস্যরা অগ্রণী ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ওরিয়েন্টেশন কর্মশালার এই আয়োজনে উপস্থিত থেকে সংসদের উন্নয়ন প্রকল্পে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপির নিরবচ্ছিন্ন সহযোগিতার জন্য সংস্থাটিকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করা হয় এবং আনুষ্ঠানিকভাবে কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করেন জাতীয় সংসদের স্পিকার। উক্ত অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ, সংসদ-সদস্যবৃন্দ, ইউএনডিপির প্রতিনিধি এবং প্রকল্প পরিচালকসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর