ঢাকা: ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন খারিজ করেছেন হাইকোর্ট। ফলে আগামী শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত বহাল থাকল।
রোববার (১৫ নভেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী জাহিদ তালুকদার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী।
২০২৭ শিক্ষাবর্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভর্তি পরীক্ষা নেওয়ার প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে গত ৭ অক্টোবর হাইকোর্টে রিটটি দায়ের করা হয়। মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্নেন্স ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মিনহাজ উদ্দিন আহমেদ রিটটি করেন।
রিটে শিক্ষা সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক এবং মাউশির উপসচিবকে বিবাদী করা হয়েছিল।
রিট আবেদনে বলা হয়, ২০২১ শিক্ষাবর্ষে দেশের সরকারি বিদ্যালয়গুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে পরীক্ষার পরিবর্তে ডিজিটাল লটারি পদ্ধতি চালু করেছিল সরকার। তবে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর লটারি পদ্ধতি বাতিল করে পুনরায় ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেয়।
গত ১৬ মার্চ এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ সিদ্ধান্তের কথা জানান। একই দিন শিক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। পরে সংশোধিত প্রজ্ঞাপনে জানানো হয়, শুধু প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।
রিট দায়েরের পর আইনজীবী জাহিদ তালুকদার জানিয়েছিলেন, সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে প্রচলিত লটারি পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত নিয়ে শিক্ষাবিদদের মধ্যে উদ্বেগ ও বিতর্ক তৈরি হয়েছে। তাঁদের আশঙ্কা, ভর্তি পরীক্ষা চালু হলে কোচিং বাণিজ্য বাড়বে এবং ছোট শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার কারণে মানসিক চাপের মুখে পড়বে।
রিটকারীর আইনজীবীর অভিযোগ ছিল, লটারি পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত নেওয়ার আগে সরকার পর্যাপ্ত গবেষণা, তথ্য-উপাত্ত ও মূল্যায়ন করেনি। এ ছাড়া সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই একতরফাভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জাহিদ তালুকদারের দাবি, স্কুল পর্যায়ে ভর্তি পরীক্ষা চালু হলে সমাজে বৈষম্য বাড়তে পারে। দরিদ্র পরিবারের শিশুরা কোচিং ও গৃহশিক্ষকের পেছনে অর্থ ব্যয় করতে না পারায় প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে। পাশাপাশি ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি ও স্বজনপ্রীতির আশঙ্কাও রয়েছে।
এসব যুক্তিতে শিশুদের ওপর ভর্তি পরীক্ষার চাপ কমানো এবং লটারি পদ্ধতি বহাল রাখার দাবিতে রিটটি করা হয়েছিল। তবে হাইকোর্ট আবেদনটি খারিজ করে দিয়েছেন।