Sunday 15 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাজেট বরাদ্দের সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করতে হবে: চিফ হুইপ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২৬ ১৪:০০

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

ঢাকা: বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, জাতীয় উন্নয়ন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে শুধু বাজেট বরাদ্দ এবং সরকারি ব্যয়ের পরিমাণ পর্যবেক্ষণ করলেই চলবে না; বরং বরাদ্দকৃত অর্থের সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছাচ্ছে কি না, তা নিশ্চিত করতে হবে।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের শপথ কক্ষে ইউএনডিপি কর্তৃক বাস্তবায়নাধীন ‘স্ট্রেনদেনিং ইনস্টিটিউশনস, পলিসিস অ্যান্ড সার্ভিসেস (এসআইপিএস)’ শীর্ষক প্রকল্পের আওতায় ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং সরকারি সম্পদ ব্যবস্থাপনায় সংসদীয় তদারকি জোরদারকরণ’ বিষয়ক এক ওরিয়েন্টেশন প্রোগ্রামে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চিফ হুইপ উল্লেখ করেন যে, সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করার ক্ষেত্রে সংসদীয় তদারকি, স্বচ্ছতা ও জবাবদিহি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সরকারের বর্তমান জনকল্যাণমূলক কর্মকাণ্ড ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির চিত্র তুলে ধরে নূরুল ইসলাম মনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দারিদ্র্য বিমোচন ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ফ্যামিলি কার্ড প্রদান, কৃষকদের ঋণের সুদ মওকুফ এবং কৃষক কার্ড চালুসহ বিভিন্ন জনমুখী কর্মসূচি গ্রহণ করেছে। চিফ হুইপের মতে, সরকারের এসব উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটানো এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) অভীষ্ট অর্জনে কার্যকর ভূমিকা রাখা।

ওরিয়েন্টেশন কর্মশালার এই আয়োজনে উপস্থিত থেকে সংসদের উন্নয়ন প্রকল্পে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপির নিরবচ্ছিন্ন সহযোগিতার জন্য সংস্থাটিকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করা হয় এবং আনুষ্ঠানিকভাবে কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করেন জাতীয় সংসদের স্পিকার। উক্ত অনুষ্ঠানে জাতীয় সংসদের অন্যান্য হুইপবৃন্দ, সংসদ-সদস্যগণ, ইউএনডিপির প্রতিনিধি এবং প্রকল্প পরিচালকসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর