ঢাকা: সরকার সবল রয়েছে, সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের সরকার দলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ওলামা দলকে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এমন মন্তব্য করেন তিনি।
নূরুল ইসলাম মনি বলেন, ‘যে দেশে হাদির খুনিরা আশ্রয় পেয়েছে, তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দুর্বল করার চেষ্টা করছে। আইনশৃঙ্খলা উন্নতির জন্য যা যা প্রয়োজন তাই করা হবে।’
সংবিধান সংশোধন প্রসঙ্গে নূরুল ইসলাম মনি বলেন, ‘সংশোধনের জন্য সব পক্ষের সঙ্গেই বসা হচ্ছে।’
তিনি বলেন, ‘খতিব, পুরোহিতদের জন্য সরকার ভাতার ব্যবস্থা করেছে। বিএনপি তাদের মূল্যবোধকে এগিয়ে নেওয়ার জন্য যা প্রয়োজন তা করছে।’
চিফ হুইপ বলেন, ‘ধর্মের লেবাসধারীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বট ও গুপ্ত বাহিনীর মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। তারা ছোটখাটো বিষয়কে অনেক বড় করে সামনে নিয়ে আসে।’
আগামীতে সংবিধান সংস্কারের সময় বিসমিল্লাহির রাহমানির রাহিম ফিরিয়ে আনা হবে বলেও জানান নুরুল ইসলাম মনি।