ঢাকা: জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার বাংলাদেশে সম্পন্ন হওয়ার পর ভারত কীভাবে পুনর্বিচারের পরামর্শ দেয়?- সেই প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
তিনি বলেছেন, একই অপরাধে দ্বিতীয়বার বিচার করার কোনো আইনি সুযোগ নেই। ভারত, পাকিস্তান ও বাংলাদেশে একসময় পুনর্বিচারের বিধান থাকলেও তা বাতিল করা হয়েছে। ফলে বাংলাদেশে পুনর্বিচারের কোনো সুযোগ নেই; তবে আইনে আপিলের বিধান রয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।
মো. আমিনুল ইসলাম বলেন, “আইনগত পরিভাষায় পুনর্বিচারকে ‘ডি নোভো ট্রায়াল’ বলা হয়। অর্থাৎ কোনো মামলার বিচার একবার সম্পন্ন হওয়ার পর একই বিষয়ে আবার বিচার করা। ভারত, পাকিস্তান ও বাংলাদেশে একসময় এ ধরনের বিচারের বিধান থাকলেও বর্তমানে তা নেই।”
তিনি বলেন, ‘ভারতীয় বিচারব্যবস্থা থেকে ডি নোভো ট্রায়ালের বিধান বাতিল করা হয়েছে। বাংলাদেশ ও পাকিস্তানেও এ পদ্ধতি নেই। যে দেশে নিজেরাই এ ধরনের বিচারপ্রক্রিয়া অনুসরণ করে না, তারা অন্য একটি দেশকে কীভাবে পুনর্বিচারের পরামর্শ দেয়, সেই প্রশ্ন রয়েছে।’
ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে চিফ প্রসিকিউটর বলেন, ‘শেখ হাসিনার বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরুর বিষয়টি ভারত সরকার শুরু থেকেই জানত। তার আশ্রয়ও রয়েছে দেশটিতে। বিচার চলাকালে তাকে বাংলাদেশে এসে বিচারের মুখোমুখি হওয়ার পরামর্শ দেওয়া হয়নি কেন, কিংবা রায়ের পর নির্ধারিত সময়ে আপিল করার কথা বলা হয়নি কেন?’— এ প্রশ্নও তোলেন তিনি।
তিনি আরও বলেন, ‘বিচারের সময় পার হওয়ার পর এবং আপিলের সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর এখন ভারত পুনর্বিচারের পরামর্শ দিচ্ছে।’ এমন বক্তব্যকে উদ্ভট আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেন চিফ প্রসিকিউটর।
শেখ হাসিনার আপিলের সুযোগ প্রসঙ্গে মো. আমিনুল ইসলাম বলেন, ‘সরকার কিংবা চিফ প্রসিকিউটরের পক্ষে কাউকে আপিলের সুযোগ দেওয়া সম্ভব নয়। এটি সম্পূর্ণ আইনের বিষয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন-১৯৭৩ আওয়ামী লীগ সরকারই প্রণয়ন করেছিল। ২০১০ সালে ওই আইনের অধীনে বিচারপ্রক্রিয়া পরিচালনার জন্য বিধিমালাও তৈরি করা হয়। ২০২৪ সালের আগ পর্যন্ত ট্রাইব্যুনালের কার্যক্রম এ আইন ও বিধিমালা অনুসারেই পরিচালিত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার আপিলসংক্রান্ত বিধান পরিবর্তন করেনি। বিদ্যমান আইন অনুযায়ীই বিচারপ্রক্রিয়া পরিচালিত হচ্ছে। আইনে যে সুযোগ রয়েছে, সেটিই কার্যকর হবে। আইনে কোনো বিধান না থাকলে সরকার, ট্রাইব্যুনাল কিংবা চিফ প্রসিকিউটরের কারও নতুন করে সেই সুযোগ দেওয়ার এখতিয়ার নেই।’