ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামে ওয়াসিমসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর বিচারপ্রক্রিয়া পর্যবেক্ষণ করছেন ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) একজন প্রতিনিধি।
রোববার (১৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ উপস্থিত ছিলেন ওই প্রতিনিধি। এদিন মামলার প্রথম সাক্ষীর জবানবন্দি গ্রহণের মধ্য দিয়ে বিচারিক কার্যক্রমে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ কার্যক্রম পরিচালনা করেন।
ফজলে করিমের আইনজীবী রিজওয়ানা ইউসুফ বলেন, ১৮৫টি দেশের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক সংস্থাটির পক্ষ থেকে পাঠানো প্রতিনিধি মামলার বিচারপ্রক্রিয়া নিরপেক্ষ ও যথাযথভাবে পরিচালিত হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করছেন।
তিনি জানান, ফজলে করিম চৌধুরী আইপিইউর মানবাধিকার কমিটির সাবেক চেয়ারম্যান ছিলেন। এ কারণে মামলার বিচারপ্রক্রিয়ায় নিরপেক্ষতা ও যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে কি না, তা দেখতে সংস্থাটি পর্যবেক্ষক পাঠিয়েছে। বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করেই ওই প্রতিনিধি পাঠানো হয়েছে বলে দাবি করেন তিনি।
বিদেশি আইনজীবী নিয়োগের বিষয়ে রিজওয়ানা ইউসুফ বলেন, যুক্তরাষ্ট্রের নটরডেম ল স্কুলের একটি লিগ্যাল ক্লিনিক বিচারপ্রক্রিয়া পর্যবেক্ষণে আগ্রহ প্রকাশ করেছে। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল সম্মতি দিয়েছেন।
বিদেশি আইনজীবীদের আইনি সহায়তা নেওয়ার বিষয়ে আসামিপক্ষের আপত্তি নেই জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে প্রসিকিউশনের বক্তব্যের সঙ্গেও তারা একমত। তবে বিদেশি আইনজীবীরা সাক্ষীদের জেরা করতে গেলে ভাষাগত প্রতিবন্ধকতা তৈরি হতে পারে বলে আশঙ্কা রয়েছে।
এদিকে আসামির সঙ্গে আইনজীবীদের একান্তে যোগাযোগের সুযোগ না পাওয়ার অভিযোগও করেছেন রিজওয়ানা ইউসুফ। তার দাবি, গত ৩০ জুন ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দিলেও সেই আদেশের সত্যায়িত অনুলিপি তারা পান ৫ আগস্ট। এরপর সেপ্টেম্বরে রিভিউ আবেদন করার পাশাপাশি কারাগারে গিয়ে আসামির সঙ্গে গোপনীয়ভাবে কথা বলার অনুমতি চেয়ে আবেদন করেন।
রিজওয়ানা বলেন, আদালতে কয়েক দফায় ১৫ থেকে ৪৫ মিনিট কথা বলার সুযোগ দেওয়া হলেও কারাগারে গিয়ে নিয়মিতভাবে আসামির সঙ্গে কথা বলার অনুমতি পাননি তারা। ফলে আসামিকে তার বিরুদ্ধে আনা অভিযোগ, সাক্ষী ও দালিলিক প্রমাণ সম্পর্কে বিস্তারিত জানানো সম্ভব হয়নি। আইন অনুযায়ী সপ্তাহে তিন দিন তিন ঘণ্টা করে মক্কেলের সঙ্গে কথা বলার সুযোগ থাকার কথা বলেও দাবি করেন তিনি।
এ ছাড়া রিভিউ আবেদন খারিজের বিষয়ে আদালতের লিখিত আদেশ এখনো হাতে পাননি বলে জানান এই আইনজীবী।
মামলায় ফজলে করিম ছাড়াও গ্রেফতার অপর চার আসামি হলেন চট্টগ্রামের যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মো. ফিরোজ ও দেবাশীষ পাল দেবু।
পলাতক আসামিদের মধ্যে রয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ চৌধুরী, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, রেজাউল করিম চৌধুরী, মহিউদ্দিন বাচ্চু, হেলাল আকবর চৌধুরী বাবর, নুরুল আজিম রনি, শৈবাল দাশ সুমন, আবু ছালেক, এসবারুল হক, এইচএম মিঠু, নূর মোস্তফা টিনু, জমির উদ্দিন, ইমরান হাসান মাহমুদ, জাকারিয়া দস্তগীর, মহিউদ্দিন ফরহাদ ও সুমন দে।
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২২ আসামির বিরুদ্ধে গত ৩০ জুন আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়। তবে ওই আদেশ পুনর্বিবেচনার আবেদন করেন গ্রেফতার পাঁচ আসামি।
আবেদনটির ওপর গত ২১ সেপ্টেম্বর প্রথম দফায় শুনানি হয়। পরে ৮ ও ১৩ অক্টোবর আরও দুই দফা শুনানি শেষে ১৯ অক্টোবর আবেদনটি খারিজ করে দেন ট্রাইব্যুনাল।
এর আগে গত ৫ এপ্রিল প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। ৭ এপ্রিল ট্রাইব্যুনাল-২ তিনটি সুনির্দিষ্ট অভিযোগ আমলে নেন।
মামলার প্রথম অভিযোগে ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুককে হত্যার ঘটনা উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় অভিযোগে তানভীর সিদ্দিকী, সায়মন ওরফে মাহিম ও হৃদয় চন্দ্রকে হত্যার কথা বলা হয়েছে। তৃতীয় অভিযোগে জাহিদ হাসান, আবদুল কাদের, আছিয়া খাতুন, সানজিদা সুলতানা ও আবদুল্লাহসহ শতাধিক ছাত্র-জনতাকে গুরুতর আহত করার বিবরণ রয়েছে।