কুষ্টিয়া: কুষ্টিয়া সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ১৫ লাখ ৬৭ হাজার ৫৫০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।
বিজিবি জানায়, রোববার ভোররাত আনুমানিক ৪টার দিকে কাজিপুর বিওপির শেওড়াতলা হাড়াভাঙ্গা মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২০ বোতল ভারতীয় মদ ও ৪ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়।
অন্যদিকে, রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে মথুরাপুর বিওপির দায়িত্বপূর্ণ মথুরাপুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে ১৯ বোতল ভারতীয় মদ, ৫৪০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৪৬০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ২৩০ পিস চকলেট বাজি ও ৬০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়।
দুটি অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের সর্বমোট আনুমানিক মূল্য ১৫ লাখ ৬৭ হাজার ৫৫০ টাকা। তবে এসব ঘটনায় কাউকে আটক করার তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে তাদের গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অবস্থান আপসহীন এবং সীমান্ত নিরাপত্তা জোরদারে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।