Sunday 15 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘আগামী মৌসুমে সরকারিভাবে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করা হবে’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২৬ ১৭:৪০

জাতীয় সংসদের অধিবেশনে কথা বলছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। ছবি: সংগৃহীত

ঢাকা: আসন্ন মৌসুমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এবং কৃষকদের ন্যায্যমূল্য প্রদানের লক্ষ্যে সরকারিভাবে ধান-চাল সংগ্রহের নতুন লক্ষ্যমাত্রা ও ক্রয়মূল্য নির্ধারণ করেছে সরকার। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, আগামী মৌসুমে প্রতি কেজি ৩৫ টাকা দরে তিন লাখ টন ধান, ৪৯ টাকা কেজি দরে পাঁচ লাখ টন সিদ্ধ চাল এবং ৪৮ টাকা কেজি দরে ৫০ হাজার টন আতপ চাল সংগ্রহ করা হবে।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যার এক লিখিত প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী আফরোজা খানম এই গুরুত্বপূর্ণ তথ্য জানান।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদের এ অধিবেশনে সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যা খাদ্যমন্ত্রীর কাছে জানতে চেয়েছিলেন, আগামী মৌসুমে গোপালগঞ্জ জেলায় খাদ্য সংগ্রহের কোনো নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে কি না এবং করা হলে তার পরিমাণ ও নির্ধারিত ক্রয়মূল্য কত।

বিজ্ঞাপন

এই প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী আফরোজা খানম সংসদে জানান, গত ৮ নভেম্বর খাদ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় সারাদেশের জন্য এই জাতীয় লক্ষ্যমাত্রা ও সংগ্রহ মূল্য চূড়ান্ত করা হয়েছে। এর আওতায় সর্বমোট ৮ লাখ ৫০ হাজার টন খাদ্যশস্য সংগ্রহের পরিকল্পনা নেওয়া হয়েছে।

গোপালগঞ্জ জেলার লক্ষ্যমাত্রা প্রসঙ্গে মন্ত্রী আরও স্পষ্ট করেন যে, মাঠ পর্যায় থেকে প্রাপ্ত ধানের প্রকৃত উৎপাদন এবং স্থানীয় চালকলগুলোর পাক্ষিক ছাঁটাই ক্ষমতা বিবেচনায় নিয়ে খুব শিগগিরই গোপালগঞ্জ জেলার জন্য ধান ও চাল সংগ্রহের সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়া হবে। সরকারের এই সময়োপযোগী সিদ্ধান্তের ফলে প্রান্তিক কৃষকরা যেমন উপকৃত হবেন, তেমনি দেশের অভ্যন্তরীণ খাদ্য মজুদও আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর