ঢাকা : দেশের বাজারে চাল, ডাল, চিনি, পেঁয়াজ ও ভোজ্যতেলের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলো সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকারের পক্ষ থেকে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নিয়মিত বাজার মনিটরিংয়ের পাশাপাশি আমদানি শুল্ক ও করারোপ কমানো এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে এক লিখিত প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এসব তথ্য জানিয়েছেন।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদের তারকা চিহ্নিত প্রশ্নোত্তর পর্বে নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফার সুনির্দিষ্ট প্রশ্নের লিখিত জবাবে বাণিজ্যমন্ত্রী সরকারের এই সার্বিক কার্যক্রমের চিত্র তুলে ধরেন।
লিখিত জবাবে মন্ত্রী জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য স্থিতিশীল রাখতে এবং বাজারে পণ্যের কোনো ধরনের কৃত্রিম সংকট যেন তৈরি না হয়, সে জন্য নিয়মিত বাজার মনিটরিং ও বিশেষ তদারকি অভিযান পরিচালনা করা হচ্ছে। বাজারে পণ্যের পর্যাপ্ত প্রবাহ বজায় রাখতে প্রয়োজন সাপেক্ষে আমদানি শুল্ক ও কর কমানোর পাশাপাশি আমদানি প্রক্রিয়া আরও সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া পণ্যের উৎপাদন, আমদানি, মজুত ও সরবরাহ পরিস্থিতি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
নিম্নআয়ের মানুষের স্বস্তির কথা তুলে ধরে বাণিজ্যমন্ত্রী জানান, সমাজের সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনা করে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে ভর্তুকিমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির কার্যক্রম অব্যাহত রয়েছে। টিসিবির ডিলারশিপ নেটওয়ার্কের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে এই পণ্য বিতরণ প্রক্রিয়া সাধারণ মানুষের জীবনযাত্রায় বড় ধরনের স্বস্তি নিয়ে আসছে।
বাজারে অতিরিক্ত মূল্য আদায়, অবৈধ মজুতদারি এবং যেকোনো ধরনের সিন্ডিকেট বা বাজার কারসাজি প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলে জানান মন্ত্রী। এ ধরনের অসাধু কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, জরিমানা আদায়সহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা বজায় রাখা এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা সুরক্ষা নিশ্চিত করতে সরকারের এই বহুমুখী ও সময়োপযোগী পদক্ষেপগুলো কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।