ঢাকা: আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যর্থ হওয়া পাঁচটি দুর্বল ব্যাংক একীভূত করে গঠন করা হয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন সম্মিলিত ইসলামী ব্যাংক। শুরুতে ক্ষুদ্র ও ব্যক্তিগত আমানতকারীদের অর্থ ফেরত দেওয়াকে অগ্রাধিকার দেওয়া হলেও বড় অঙ্কের করপোরেট আমানত এখনো ফেরত দেওয়া সম্ভব হচ্ছে না। তবে ব্যাংকটির আর্থিক সক্ষমতা বাড়লে আয় ও মুনাফা থেকে পর্যায়ক্রমে করপোরেট আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে। এ ক্ষেত্রে এখনই কোনো নির্দিষ্ট সময়সীমা দিতে পারছে না বাংলাদেশ ব্যাংক।
রোববার (১৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এসব কথা জানান।
তিনি বলেন, পাঁচটি ব্যাংকই স্বতন্ত্রভাবে কার্যক্রম পরিচালনার সক্ষমতা হারিয়ে ফেলেছিল। এ কারণে ব্যাংক রেজল্যুশন অর্ডিন্যান্সের আওতায় ব্যাংকগুলো একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের উদ্যোগ নেওয়া হয়। এর মধ্য দিয়ে দেশে প্রথমবারের মতো রাষ্ট্রীয় মালিকানায় একটি ইসলামী ব্যাংকের যাত্রা শুরু হয়েছে।
আরিফ হোসেন খান বলেন, একীভূতকরণের মূল লক্ষ্য ছিল আমানতকারীদের অর্থের সুরক্ষা নিশ্চিত করা। তারল্যসংকটের কারণে এসব ব্যাংকের গ্রাহকেরা প্রয়োজনের সময় নিজেদের জমা টাকা তুলতে পারছিলেন না। এ পরিস্থিতি থেকে উত্তরণে ব্যাংকগুলোকে ব্যক্তিমালিকানার বাইরে এনে রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার সিদ্ধান্ত হয়। একীভূত হওয়ার সময় পাঁচ ব্যাংকের সম্মিলিত আমানতের পরিমাণ ছিল প্রায় দেড় লাখ কোটি টাকা।
এত বিপুল পরিমাণ অর্থ একসঙ্গে সরকারের পক্ষে জোগান দেওয়া বাস্তবসম্মত নয়- উল্লেখ করে তিনি বলেন, প্রথম পর্যায়ে ক্ষুদ্র ও ব্যক্তিগত আমানতকারীদের স্বস্তি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে অসুস্থ সন্তান বা জরুরি প্রয়োজনে যাঁদের অর্থ উত্তোলন করা প্রয়োজন, তাদের বিষয়টি বিবেচনায় নিয়ে পর্যায়ক্রমে টাকা ফেরতের ব্যবস্থা করা হয়েছে। তবে ব্যক্তিগত আমানতের বাইরে ব্যাংকগুলোতে বিপুল পরিমাণ অর্থ করপোরেট আমানত হিসেবে জমা রয়েছে। এই মুহূর্তে এসব আমানত ফেরত দেওয়ার মতো আর্থিক সক্ষমতা সরকারের নেই।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, ব্যাংকটি এখন রাষ্ট্রের মালিকানায় রয়েছে। তাই আমানতকারী ও প্রতিষ্ঠানগুলোকে ধৈর্য ধরতে হবে এবং সরকারের ওপর আস্থা রাখতে হবে। ব্যাংকটি ধীরে ধীরে ব্যবসায়িক কার্যক্রম বাড়াবে, আয় ও মুনাফা করবে। সেই আয় থেকেই পর্যায়ক্রমে বড় অঙ্কের আমানত ফেরত দেওয়া সম্ভব হবে। তবে এ বিষয়ে এখনই নির্দিষ্ট কোনো দিনক্ষণ ঘোষণা করা যাচ্ছে না।