Sunday 15 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নতুন কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না তরুণ প্রজন্ম: জামায়াত আমির

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২৬ ১৬:০৯

ঢাকা: ‎জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদ তাড়ানো তরুণ প্রজন্ম নতুন কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় ডা. শফিকুর রহমান।
‎
‎রোববার (১৫ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত ‘উপজেলা প্রতিনিধি সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‎
‎ডা. শফিকুর রহমান বলেন, ‘বর্তমান প্রজন্ম বুকের রক্ত দিয়ে ফ্যাসিবাদ তাড়িয়েছে এবং তারা বেঁচে থাকতে এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কোনো আপস করা হবে না উল্লেখ করে তিনি জানান, এই জাতি বারবার অপশক্তির দ্বারা নির্যাতিত হলেও প্রতিবারই তা পরাজিত করে ঘুরে দাঁড়িয়েছে, যার সর্বশেষ উদাহরণ ২০২৪ সালের ৫ আগস্ট।’
‎
‎পৃথিবীর ইতিহাসে নতুন এক ক্যালেন্ডার তৈরি করে ৩৬ জুলাইয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘১ হাজার ৪০০ যুবক-যুবতীর রক্ত ও জীবনের বিনিময়ে প্রাপ্ত এই জুলাই বিশাল আকাঙ্ক্ষা নিয়ে জাতির সামনে এসেছিল। কোটা সংস্কার আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, চার কোটি তরুণ-যুবক কেবল সরকারি চাকরির আশায় রাস্তায় নামেনি, বরং তারা রাষ্ট্র সংস্কার ও পুরো রাষ্ট্রব্যবস্থার আমূল পরিবর্তনের দাবি নিয়ে আন্দোলন করেছিল। সেই আন্দোলনের অন্যতম স্লোগান ছিল জাস্টিস তথা সব ক্ষেত্রে ন্যায়বিচার। বাঁচার অধিকার, শিক্ষার অধিকার, স্বাস্থ্যসেবা, চাকরি ও ব্যবসার অধিকারসহ মানুষের সব মৌলিক অধিকারের ক্ষেত্রে ন্যায্যতার ভিত্তিতে রাষ্ট্র নাগরিকদের সঙ্গে আচরণ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।’
‎
‎জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, ‘বর্তমান সরকারি দল ও বিরোধী দলসহ সবাই সেই আন্দোলনে ছিল এবং সবাই সংস্কারের পক্ষে ছিল। জন-আকাঙ্ক্ষা ও বিপ্লবীদের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছিল, যেখানে ৩৩টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে জুলাই সনদ রচনা করেছিল। ঐকমত্যের ভিত্তিতে সরকার গঠন এবং রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠন, এই দুটি নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হলেও বর্তমান সরকারি দল একটি মেনে আরেকটি মেনে নেয়নি এবং সংকট তৈরি করেছে। জাতির সামনে দেওয়া ওয়াদা লঙ্ঘন ও প্রতারণা জাতি মানবে না উল্লেখ করে তিনি বলেন, জনগণের এই দাবি আদায় করেই ছাড়া হবে এবং সংবিধান সংশোধনের নামে ৭০ ভাগ মানুষের রায় অগ্রাহ্য করা চলৎশক্তিহীন ও গণতন্ত্রবিরোধী কাজ।’
‎
‎এ সময় কিশোর গ্যাংয়ের বিস্তার প্রসঙ্গে তিনি বলেন, ‘সমাজব্যবস্থা ও সরকারগুলো নিজেদের ব্যক্তি, দল ও গোষ্ঠীস্বার্থে এসব অপকর্মকে লালন করেছে। শিক্ষাপ্রতিষ্ঠানের করুণ পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দখল করে যাদের ন্যূনতম যোগ্যতা নেই এমন ব্যক্তিদের প্রিন্সিপাল ও প্রধান শিক্ষক হিসেবে বসানো হচ্ছে এবং ম্যানেজিং কমিটিগুলো চাঁদাবাজ ও সন্ত্রাসীদের হাতে তুলে দেওয়া হয়েছে।’
‎
‎সমাজের সর্বস্তরে অসৎ নেতৃত্ব সরিয়ে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো ভোটের ডাকাত, ষড়যন্ত্রকারী বা ইঞ্জিনিয়ারকে সাহায্য করা হবে না এবং জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। যুব ও ক্রীড়া বিভাগের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, বিপথগামী যুবসমাজকে সুপথে ফিরিয়ে এনে কল্যাণের পথে, ন্যায়ের পথে ও আল্লাহর দ্বীনের পথে যুক্ত করতে হবে। পরিশেষে, ডিসেম্বর মাসের বিভিন্ন কর্মসূচিতে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা পালিয়ে গেছেন তারা অপরাধের কারণে দেশ ছেড়েছেন এবং এই জাতি সহজে না জাগলেও জেগে উঠলে আর ছাড়ে না।’
‎
‎সম্মেলনে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর সহকারী জেনারেল সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এবং এতে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর