Sunday 15 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শাহজালাল বিমানবন্দরে ৬ লাখ টাকার ওষুধ জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২৬ ২১:২১

-ছবি : সংগৃহীত

ঢাকা: আকাশপথে পাচারের নিখুঁত ছক কষেও শেষ রক্ষা হলো না। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তৎপড়তায় ধরা পড়ল প্রায় ৬ লাখ টাকা মূল্যের কাস্টমস ছাড়পত্রহীন বিপুল পরিমাণ উচ্চমূল্যের ওষুধ।

রোববার (১৫ নভেম্বর) রাতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আজ দুপুরে বিমানবন্দরের RAW-C এলাকায় চীনগামী এক যাত্রীর হ্যান্ডব্যাগ স্ক্যানিংয়ের সময় এই ঘটনা ঘটে। দায়িত্বরত আনসার ব্যাটালিয়ন সদস্য সিপাহি মো. রাজেকুল ইসলামের ব্যাগটি সন্দেহজনক মনে হয়। তাৎক্ষণিকভাবে এভসেক সদস্যদের সঙ্গে নিয়ে ব্যাগটি তল্লাশি করেন সিপাহি রাজেকুল। এ সময় ব্যাগ থেকে অ্যান্টিবায়োটিকসহ প্রায় ৬ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ উচ্চমূল্যের ওষুধ উদ্ধার করা হয়, যার কোনো বৈধ কাস্টমস ছাড়পত্র ছিল না।

বিজ্ঞাপন

নাজমুস সাকিব বলেন, ঘটনাটি ‘এভসেক-২০’ কর্তৃপক্ষকে জানানো হলে ওষুধগুলো জব্দ এবং কাস্টমসকে অবহিত করার নির্দেশনা আসে। পরে ওয়াকিটকির মাধ্যমে এভসেকের নির্দেশনা পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এপিসি মো. সাইফুল ইসলাম ও আনসার সদস্য মো. শিলন ইসলাম। পরবর্তীতে শিফট টিআই মো. ওমর ফারুককে বিষয়টি জানানো হলে তার উপস্থিতিতে জব্দকৃত সমস্ত ওষুধ এভসেক কন্ট্রোল রুমে হস্তান্তর করা হয়।