ঢাকা: গুণগত মান উন্নয়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি ও শিল্পপ্রতিষ্ঠানের কর্মদক্ষতা বাড়ানোর অভিজ্ঞতা বিনিময়ে ঢাকায় শুরু হচ্ছে ৫১তম আন্তর্জাতিক কোয়ালিটি কন্ট্রোল সার্কেল সম্মেলন (আইসিকিউসিসি-২০২৬)।
আগামী ১৮ থেকে ২০ নভেম্বর রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) ক্যাম্পাসে তিন দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এবারের সম্মেলনে ১৬টি দেশ ও অঞ্চল থেকে প্রায় ৮০০টি কোয়ালিটি কন্ট্রোল সার্কেল (কিউসিসি) দল এবং প্রায় ৪ হাজার সদস্য অংশ নেবেন। এর মধ্যে ১৪১টি দল সরাসরি এবং ৬৫৯টি দল অনলাইনে নিজেদের কার্যক্রম ও অভিজ্ঞতা উপস্থাপন করবে। এ ছাড়া সম্মেলনে দেশি-বিদেশি এক হাজারের বেশি প্রতিনিধি অংশ নেবেন।
সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট (বিএসটিকিউএম)।
‘কিউসিসি ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ প্রতিপাদ্যে এবারের সম্মেলনের আয়োজন করছে বিএসটিকিউএম ও ইউএপি। জাপানের ইউনিয়ন অব জাপানিজ সায়েন্টিস্টস অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের (জেইউএসই) সমন্বয়ে পরিচালিত আন্তর্জাতিক এ আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের গুণগত মান বিশেষজ্ঞ, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও কিউসিসি সদস্যরা অংশ নেবেন।
আয়োজকদের তথ্য অনুযায়ী, অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে জাপান, চীন, ভারত, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, ফিলিপাইন, তাইওয়ান, নামিবিয়া, জাম্বিয়া, মোজাম্বিক ও মরিশাস। এ ছাড়া বাংলাদেশের বিভিন্ন শিল্প ও সেবাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরাও এতে অংশ নেবেন।
১৮ নভেম্বর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম। বিশেষ অতিথি থাকবেন ইউএপি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কে এম মাজলুল হক এবং বিসিকের উপদেষ্টা ড. এ কে এম মোমায়েজ্জেম হোসেন।
সম্মেলনের দ্বিতীয় ও তৃতীয় দিন, অর্থাৎ ১৯ ও ২০ নভেম্বর ইউএপি ক্যাম্পাসে অংশগ্রহণকারী দলগুলো নিজেদের কেস স্টাডি উপস্থাপন করবে। কর্মক্ষেত্রের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তার সমাধান, উৎপাদনশীলতা বৃদ্ধি, ব্যয় হ্রাস এবং পণ্যের গুণগত মান উন্নয়নে বাস্তবায়িত কার্যক্রম তুলে ধরবে দলগুলো। এসব উপস্থাপনা মূল্যায়ন করবেন দেশি-বিদেশি প্রায় ১০০ জন বিচারক।
বিএসটিকিউএমের সভাপতি ও সম্মেলনের কনভেনর এ কে এম শামসুল হুদা বলেন, বাংলাদেশে তৃতীয়বারের মতো এ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন দেশের গুণগত মান আন্দোলনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সক্ষমতা, অর্জন ও আতিথেয়তা তুলে ধরার সুযোগ তৈরি হবে।
বিশ্বের বিভিন্ন দেশের শিল্পপ্রতিষ্ঠানের সফল অভিজ্ঞতা থেকে শেখার সুযোগ হিসেবে সম্মেলনটিকে দেখছেন বিশিষ্ট ব্যবস্থাপনা বিশেষজ্ঞ ও বাংলাদেশের গুণগত মান উন্নয়ন আন্দোলনের অন্যতম পথপ্রদর্শক এম. হাফিজুর সাকী। তিনি বলেন, এ সম্মেলন কেবল আনুষ্ঠানিক আয়োজন নয়; বরং বিভিন্ন দেশের শিল্পপ্রতিষ্ঠানের সফল অভিজ্ঞতা বিনিময়ের একটি বড় সুযোগ। চীনের কোনো কারখানায় একটি উৎপাদনপ্রক্রিয়ায় কীভাবে গুণগত মান ও উৎপাদনশীলতা বাড়ানো হয়েছে, তা অন্য দেশের প্রতিনিধিরা জানতে পারবেন। একইভাবে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর অভিজ্ঞতাও আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার সুযোগ তৈরি হবে।
এম. হাফিজুর সাকী আরও বলেন, অনলাইনে অংশ নেওয়া দলগুলোর উপস্থাপনা দেখা, প্রশ্ন করা, মূল্যায়ন ও মতামত দেওয়ার জন্য বিশেষ তথ্যপ্রযুক্তি অবকাঠামো প্রস্তুত করা হচ্ছে। অল্প সময়ের মধ্যে বিপুলসংখ্যক কেস স্টাডি উপস্থাপন ও মূল্যায়ন করা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ।
সম্মেলন আয়োজনে কারিগরি সহায়তা দেওয়ার পাশাপাশি ভেন্যু ও অন্যান্য সুযোগ-সুবিধা স্পন্সরশিপ হিসেবে দিচ্ছে ইউএপি। বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ড. এ কে এম নাজিমুল ইসলাম বলেন, সম্মেলনে ৮০০টির বেশি প্রেজেন্টেশন ও প্রায় ৮ হাজার প্রতিনিধির অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় তথ্যপ্রযুক্তি, অনলাইন ও কারিগরি সহায়তা দিচ্ছে ইউএপি। আয়োজন সফল করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের সমন্বয়ে একটি প্রশিক্ষিত ও সুসংগঠিত দল গঠন করা হয়েছে। এ সম্মেলন আয়োজনের জন্য বিএসটিকিউএমের কাছ থেকে কোনো আর্থিক সহায়তা নেওয়া হচ্ছে না; বরং ভেন্যু ও অন্যান্য সুযোগ-সুবিধা স্পন্সরশিপ হিসেবে দেওয়া হচ্ছে।
গুণগত মান নিশ্চিত করার দায়িত্ব শুধু সরকারের নয়, সমাজের সব পক্ষের এমন মত দিয়েছেন এ কে এম শামসুল হুদা। তিনি বলেন, গুণগত মান নিশ্চিত করা সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসায়ীদেরসহ সবার দায়িত্ব। শুধু পণ্যের ভেজাল শনাক্ত বা জরিমানা করলেই হবে না; যাঁরা পণ্য ও সেবা দিচ্ছেন, তাঁদের মধ্যে গুণগত মান সম্পর্কে সচেতনতা তৈরি করতে হবে।
তিনি আরও বলেন, দেশের মূল ঘাটতি মানসিকতায়। ব্যবসার ক্ষেত্রে শুধু পণ্য বা সেবা বিক্রি করে মুনাফা অর্জন নয়, সামাজিক দায়বদ্ধতা ও দেশপ্রেমকেও গুরুত্ব দিতে হবে। মানুষের মধ্যে গুণগত মানের চর্চা তৈরি করতে পারলে বাংলাদেশও একদিন উন্নত দেশে পরিণত হতে পারবে।
২০ নভেম্বর সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে তিন দিনের এ সম্মেলন। অনুষ্ঠানে ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এ সময় পরবর্তী আয়োজক দেশ ফিলিপাইনের কাছে আইসিকিউসিসির পতাকা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত বিএসটিকিউএম সেমিনার, কর্মশালা, প্রশিক্ষণ কর্মসূচি ও জাতীয় সম্মেলনের মাধ্যমে দেশে কোয়ালিটি কন্ট্রোল সার্কেল এবং টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট চর্চার প্রসারে কাজ করছে।