Monday 16 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিনামূল্যে নেত্রকোনায় সরিষার বীজ ও সার পেলেন ৩৪০০ কৃষক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৬ ১২:৫৫

নেত্রকোনা: ‘কৃষিই সমৃদ্ধি’ স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে এসব উপকরণ বিতরণ করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পূর্বধলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. জোবায়ের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াছমিন মিতু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহামদ আলী সরকার, এমএ মান্নান, সেলিম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক হলুদ, যুবদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক আব্রাহাম লিংকন প্রমুখ।

বিজ্ঞাপন

এ সময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, উপকারভোগী কৃষক ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, কর্মসূচির আওতায় উপজেলার ৩ হাজার ৪০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেককে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. জোবায়ের হোসেন জানান, স্থানীয় কৃষি উৎপাদন বৃদ্ধি এবং সরিষা চাষে কৃষকদের উৎসাহিত করতে সরকারের এ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে কৃষকের উৎপাদন খরচ কমার পাশাপাশি সরিষা আবাদ সম্প্রসারণে অনেক ভূমিকা রাখবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, স্থানীয় কৃষি উৎপাদন বাড়াতে সরকার কৃষকদের বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে আসছে। তিনি প্রণোদনার আওতায় পাওয়া বীজ ও সার যথাযথভাবে ব্যবহারের মাধ্যমে সরিষার আবাদ বাড়াতে কৃষকদের প্রতি আহ্বান জানান।

সারাবাংলা/এএ