অতি সম্প্রতি এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ আয়োজিত এক সেমিনারে এক সময়কার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আই.বি.এ এর অধ্যাপক ও ব্রাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য প্রফেসর আন্দালিব বৈশ্বিক পর্যায়ে উচ্চশিক্ষায় র্যাংকিংয়ের তুলনামুলক আলোচনায় উল্লেখ করে বলেন বিশ্বের প্রথম বিশটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে উচ্চশিক্ষায় র্যাংকিংয়ে সিঙ্গাপুর,চায়না,দক্ষিণ কোরিয়া ও জাপান রয়েছে। আবার বিশ্বের পাচশতটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে উচ্চশিক্ষায় র্যাংকিংয়ে বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয় স্থান করে নিতে পারেনি। আবার দক্ষিন এশিয় দেশগুলোর মধ্যে নলেজ স্কোরে সর্ব প্রথমে রয়েছে ভারত, তারপর পাকিস্থান এবং সর্ব কনিষ্ঠ স্কোরে রয়েছে বাংলাদেশ যা কোন ভাবেই গৌরবের বিষয় নয়।এর কারন হিসাবে অধ্যাপক উল্লেখ করেছেন শিক্ষার ক্ষেত্রে নৈরাজ্য, অতি মাত্রায় রাজণীতিকরন ও সরকারী ভাবে পেশা হিসাবে শিক্ষাকে কম গুরুত্বে নিয়ে যাওয়া যা একদিনে তৈরী হয়নি যা জাতীর জন্য এক অশনী সংকেত।
র্যাংকিংয়ে জরিত বিভিন্ন সংস্থা
বিশ্বায়নের যুগে টিকে থাকার জন্য র্যাংকিং শিক্ষার মানদন্ড হিসাবে বিবেচনার ক্ষেত্র হিসাবে বিবেচনার স্থান করে নিয়েছে। এই প্রসঙ্গে অনেক প্রতিষ্ঠান এরি মধ্যে তাদের কার্যক্রম পরিচালনা করছে তা আলোচনার দাবি রাখে। একাডেমিক র্যাংকিং অব ওয়ার্ল্ড ইউনিভার্সিটিজ (এআরডব্লিউইউ), যা সাংহাই র্যাংকিং নামেও পরিচিত। এটি ২০০৩ সালে প্রথম বার্ষিক বিশ্ববিদ্যালয় র্যাংকিং প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে নোবেল বিজয়ীর সংখ্যা, উচ্চ মানসম্পন্ন জার্নালে প্রকাশনা, দক্ষ গবেষক, গবেষণার ফলাফল এবং গুণগত মানের ওপর অত্যধিক জোর দেয়া হয়। ২০০৪ সালে প্রতিষ্ঠিত যুক্তরাজ্যভিত্তিক উচ্চ শিক্ষা বিশ্লেষণ সংস্থা Quacquarelli Symonds (QS) বিশ্ববিদ্যালয় র্যাংকিংয়ের দ্বিতীয় সংস্থা। জনপ্রিয় কিউএস র্যাংকিং প্রাতিষ্ঠানিক এবং নিয়োগকর্তার খ্যাতি, ছাত্র-শিক্ষক অনুপাত, প্রতি শিক্ষকের প্রকাশনার সাইটেশন, আন্তর্জাতিক ছাত্র-শিক্ষক অনুপাত ব্যবহার করে। যদিও শুরুতে কিউএসের সঙ্গে একত্রে কাজ করেছিল টাইমস হায়ার এডুকেশন (টিএইচই)। ২০০৯ সাল থেকে তারা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব র্যাংকিংয়ের ক্ষেত্রে শিক্ষাদান, শেখার পরিবেশ, গবেষণা, সাইটেশন, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি এবং শিল্প আয়ের ওপর ভিত্তি করে কর্মক্ষমতা মূল্যায়ন করে। US News & World Report সেরা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় তালিকা প্রকাশ করে। এটি ১৯৮৩ সালে আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলোর র্যাংকিং শুরু করে। ২০১৪ সালে তারা প্রথম বিশ্ব র্যাংকিং প্রকাশ করে। গবেষণা কর্মক্ষমতা ও আন্তর্জাতিক খ্যাতির সূচকসহ আন্তর্জাতিক ও আঞ্চলিক গবেষণা খ্যাতি, প্রকাশনা, বই, সম্মেলন, সাধারণ সাইটেশন, মোট সাইটেশন, উচ্চ সাইটেশনের সংখ্যা এবং আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্ব দিয়ে বিশ্ব র্যাংকিং প্রকাশ করে। ২০০৬ সালে নেদারল্যান্ডসভিত্তিক সিডব্লিউটিএস লেইডেন র্যাংকিং বিশ্ববিদ্যালয়গুলোর আন্তর্জাতিক র্যাংকিং শুরু করে। প্রতিষ্ঠানটি র্যাংকিংয়ের ক্ষেত্রে গ্রন্থপঞ্জি নির্দেশক যেমন প্রকাশনার সংখ্যা, প্রতি প্রকাশনার সাইটেশন এবং সহযোগিতার ওপর ভিত্তি করে বিশ্ববিদ্যালয়গুলোর কর্মক্ষমতাকে মূল্যায়ন করে।
র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান
এরি পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অবস্থান কি তার একটি মূল্যায়ন এরি মধ্যে বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছে। সম্প্রতি টাইমস হায়ার এডুকেশন বিশ্ববিদ্যালয় র্যাংকিংয়ের ২০২৫ সালের প্রতিবেদন প্রকাশ করেছে। এ প্রতিবেদনে বাংলাদেশের শীর্ষ পাঁচ বিশ্ববিদ্যালয় ৮০১-১০০০ এর মধ্যে স্থান পেয়েছে। বাংলাদেশের অন্যান্য সরকারি অর্থায়নে পরিচালিত বিশ্ববিদ্যালয় বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষণার মান দিনে দিনে নেমে গেছে বলে আমি মনে করি না। কারণ টাইমস হায়ার এডুকেশন র্যাংকিংয়ের ডাটাবেজ বিশ্লেষণ করলে দেখা যাবে, ২০১৬ সালে সারা বিশ্বের ৯৮০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল ৬০১তম। বর্তমান ডাটাবেজে প্রায় বিশ্বের দুই হাজারের বেশি বিশ্ববিদ্যালয় প্রবেশ করেছে। সেখানে ১০০০ থেকে ১২০০-এর ভেতরে ঢাকা বিশ্ববিদ্যালয়। সবাই বলছে ঢাকা বিশ্ববিদ্যালয় পিছিয়ে গেছে। র্যাংকিংয়ের মোট স্কোর-১০০। সারা পৃথিবীতে এক নম্বর বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড, যার স্কোর ১০০। আর ঢাকা বিশ্ববিদ্যালয় সব সূচক মিলিয়ে মোট স্কোর হয়েছে প্রায় ৩৬। অথচ পাঁচ বছর আগে সেটি আরো অনেক কম ছিল। কিন্তু ৩৬ হয়েও বিশ্ববিদ্যালয়টি পিছিয়ে গেছে। কারণ অন্যরা দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। আমাদের আরো দ্রুতগতিতে এগোতে হবে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার গুণগত মানকে উন্নত করতে মনোযোগ দিতে হবে।
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো ভাল করছে না কেন?
তাহলে এ বিরল সম্মান অর্জনের সুযোগ থাকা সত্ত্বেও আমাদের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ব র্যাংকিংয়ে ভালো করছে না কেন? বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কি তাহলে চেষ্টা করছেন না? তাদের কি যোগ্যতার ঘাটতি আছে? তারা কি অলসতায় সময় পার করেন? এ অভিযোগগুলো কি আমরা ঢালাওভাবে গ্রহণ করব, নাকি একটু খতিয়ে দেখব? প্রথমে আসা যাক ১.নীতি সহয়িতার প্রশ্ন যেমন বাংলাদেশে বর্তমানে ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে যার মধ্যে হয়েছে ১৭টি বিগত সরকারের ১৫ বছরের শাসনামলে কেবলই রাজনৈতিক বিবেচনায়। অপরদিকে বেসরকারী বিশ্ববিদ্যালয় রয়েছে ১১৬টি যার বেশির ভাগের মালিক হয় রাজনীতিবিদ বা ব্যবসায়ি যারা লাভ ছাড়া আর কিছু বুঝেন না । সরকারের ভ্রান্তনীতিই কেবল এই পরিস্থিতির জন্য দায়ি ; ২. বিভিন্ন সংস্থার বিশ্ববিদ্যালয়গুলোর আন্তর্জাতিক র্যাংকিংয়ের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের কর্মক্ষমতা সূচকগুলোর মূল্যায়নের মানদণ্ড থেকে এটি খুব স্পষ্ট যে সব সংস্থার কেন্দ্রবিন্দুতে রয়েছে গবেষণা। গবেষণায় রয়েছে প্রকাশনা, প্রতি শিক্ষকের সাইটেশন, প্রকাশনার প্রভাব, গবেষণা তহবিল বা আয়, নোবেল বিজয়ী এবং আন্তর্জাতিক সহযোগিতা। অতএব বিশ্ব র্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোর কর্মক্ষমতা উন্নত করতে প্রধান অগ্রাধিকার গবেষণা উন্নয়ন ও প্রচার। বর্তমানে এটি সত্য যে দেশের বিশ্ববিদ্যালয় গুলোতে এর দৃশ্যমান কোন কিছুই নেই।; ৩. মানসম্মত আন্তর্জাতিক জার্নালে যে মানের গবেষণা প্রকাশ করা হয়, সেটা সম্পন্ন করতে পর্যাপ্ত অর্থ, সময় এবং ল্যাব ফ্যাসিলিটিজ দরকার হয়, যা আমাদের বিশ্ববিদ্যালয়গুলোয় অপ্রতুল। ৪. এসব জার্নালে গবেষণাপত্র প্রকাশ করতে হলে কয়েকশ থেকে কয়েক হাজার ডলার পর্যন্ত খরচ হয় আর্টিকেল প্রসেসিং চার্জ বা এপিসি হিসেবে। উন্নত বিশ্বে এ খরচ বিশ্ববিদ্যালয়গুলো বহন করে। কিন্তু আমাদের দেশে শিক্ষকদেরকে সংসার চালানোর খরচ বাঁচিয়ে এ টাকা জোগাড় করতে হয়;৫., হাজার রাতের পরিশ্রমলব্ধ গবেষণাপত্র প্রকাশের জন্য দেশে অধিকাংশ ক্ষেত্রে কোনো প্রণোদনা নেই। একজন শিক্ষক সাধারণত অফিস সময়ের বাইরে রাত-দিন পরিশ্রম করে এসব গবেষণা সম্পন্ন করেন। কিন্তু এর জন্য কোনো প্রণোদনা নেই যা উন্নত বিশ্বে আছে। ফলে সেখানকার শিক্ষকদের মাথাপিছু উন্নত প্রকাশনার সংখ্যা বেশি থাকে যা তাদের বিশ্ব র্যাংকিংয়ে ইতিবাচক প্রভাব ফেলে; ৬. বাংলাদেশের গবেষণাকে আরো মানসম্পন্ন ও গবেষকদের আরো প্রতিযোগিতামূলক এবং মর্যাদাপূর্ণ করে তুলতে উচ্চ মানসম্পন্ন জার্নালে নিবন্ধ প্রকাশ করলে তাদের পুরস্কৃত করা উচিত। দেশে বিশ্ববিদ্যালয়গুলোয় পদোন্নতির জন্য অন্তত কিছু প্রকাশনা কিউ-১ (ডি-১ না হলেও) জার্নালে প্রকাশের পূর্বশর্ত হওয়া উচিতযা বর্তমানে একেবা্রেই অনুপস্থিত; ৭. ঐতিহ্যগতভাবে শিক্ষাদানের অভিজ্ঞতা ও গবেষণার কর্মক্ষমতা বিশ্ববিদ্যালয়গুলোয় শিক্ষকদের পদোন্নতির মূল বিবেচ্য বিষয় ছিল। কিন্তু বর্তমানে সবকিছু সংগঠিত হচ্ছে রাজনৈতিক বিবেচনায় ;৮. কর্মক্ষম গবেষকদের ধারাবাহিকতা নিশ্চিত করতে গবেষণায় উচ্চ কৃতিত্ব অর্জনকারীদের জন্য সম্পদের প্রাপ্যতা এবং যথাযথ পারিশ্রমিক ও পুরস্কার নিশ্চিত করা উচিত। আমাদের শিক্ষকদের গবেষণায় উদ্ভাবন, তত্ত্বাবধান, পরামর্শদাতা এবং সহযোগিতায় উৎকর্ষ সাধনের জন্য উচ্চ শিক্ষা ক্ষেত্রে একটি সাংস্কৃতিক পরিবর্তন সময়ের দাবি। কিন্তু বর্তমানে তা একেবারেই অনুপস্থিত বলে প্রতিয়মান হয়; ৯. একটা বিশ্ববিদ্যালয় নানা উদ্ভাবনের জন্য বছরে কতটা পেটেন্ট নিবন্ধন করতে পারছে, সেটাও বিশ্ববিদ্যালয়ের র্যাংকিংয়ের একটি মানদণ্ড। এক্ষেত্রে আমাদের সক্ষমতা এখনো পোক্ত হয়নি। পর্যাপ্ত পেটেন্ট নিবন্ধন করার জন্য যে ধরনের গবেষণার পরিবেশ ও সুযোগ প্রয়োজন তা দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান নেই সেটা সরকারী কিংবা বেসরকারী হউক না কেন; ১০. দেশের বিশ্ববিদ্যালয়গুলো মূলত টিচিং বিশ্ববিদ্যালয়-গবেষণাপ্রধান নয়। ফলে উদ্ভাবনের মাধ্যমে পেটেন্ট করার মতো যথেষ্ট সময় ও সুযোগ শিক্ষকদের থাকে না। আবার পেটেন্টের আবেদন করলেও দীর্ঘসূত্রতার কারণে যথাসময়ে আশার আলো কদাচিৎ দেখা যায়; ১১. শিক্ষক-শিক্ষার্থী অনুপাত বিশ্ব র্যাংকিংয়ের অন্যতম মানদণ্ড। এ অনুপাত ১:১৫-এর বেশি হওয়া উচিত নয় বলে আন্তর্জাকিভাবে স্বীকৃত। কিন্তু বাংলাদেশে অধিকাংশ পাবলিক/ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে এ অনুপাত আদর্শ মানদণ্ডের ধারেকাছেও নেই; ১২. বিশ্ববিদ্যালয় র্যাংকিংয়ের জন্য আরো কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো শিল্পায়নে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, বিভিন্ন ক্ষেত্রে সম্পাদিত গবেষণার প্রভাব, গবেষণা সম্পাদন ও প্রকাশে আন্তর্জাতিক গবেষকদের সম্পৃক্তকরণ, বিদেশী শিক্ষক নিয়োগ, বিদেশী শিক্ষার্থী ভর্তি, দেশীয় শিক্ষার্থীদের বিদেশী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ ইত্যাদি। কিন্তু সেই অর্থ জোগানোর ক্ষমতা আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর নেই; ১৩. বিশ্ব র্যাংকিংয়ের জন্য আরেকটি বিবেচ্য বিষয় হলো প্রাতিষ্ঠানিক আয়। রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর দায়িত্ব থাকে ন্যূনতম খরচে নাগরিকদের জন্য উচ্চশিক্ষার পথ সুগম করা। ফলে তাদের আয়ের সুযোগ থাকে খুব কম যা বিশ্ব র্যাংকিংয়ে আমাদের পিছিয়ে পড়ার অন্যতম কারণ;১৫.আয় বৃদ্ধির বিকল্প পথ হতে পারে বিশ্ববিদ্যালয়ের ল্যাবে অর্থের বিনিময়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার সুযোগ উন্মুক্ত করা এবং চাহিদাভিত্তিক প্রফেশনাল প্রোগ্রাম ও কোর্স চালু করা। কিন্তু অর্থাভাবে অত্যাধুনিক ল্যাব যেমন অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে তৈরি করা সম্ভব হয়নি, তেমনি পর্যাপ্ত দক্ষ জনবলেরও ঘাটতি রয়েছে। আবার প্রফেশনাল প্রোগ্রাম ও পেইড-কোর্স চালু করার বিষয়টিও আমাদের দেশে ভালোভাবে দেখা হয় না। অধিকাংশ ক্ষেত্রে এটাকে বরং নিরুৎসাহিতই করা হয়।
বিশ্ববিদ্যালয়গুলোর দুর্বল দিক কি?
এই ধরনের একটি বাস্তবতায় দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় গুলো বর্তমানে বানিজ্যের একটি অভিনব মডেল হিসাবে আবির্ভুত হয়েছে যা আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ২০১০ সালের কোন ধারাই তারা মানছে না। যত ছাত্র ভর্তি তত আয় যেখানে মানের বিষয় কিংবা গবেষনার বিষয় কোন বিবেচনায় নেয়া হয় না যা এক অভিনব ছলচাতুরি। আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার ক্ষেত্রে নানা ধরনের প্রতিবন্ধকতা রয়েছে। অনেক সময় গবেষণা ফান্ড বণ্টনে স্বজনপ্রীতি বা ব্যক্তিগত পরিচয়ের প্রভাব দেখা যায়। প্রোপোজাল মূল্যায়নের ক্ষেত্রেও পরিচিতজনকে অগ্রাধিকার দেওয়া হয়, ফলে যোগ্য গবেষণা প্রকল্প প্রয়োজনীয় অর্থায়ন পায় না।
আবার যে গুলো সম্পন্ন হয় এই গবেষণাগুলোর কতগুলো দেশের অর্থনীতি, সমাজ বা মানুষের জীবনমান উন্নত করতে কার্যকর ভূমিকা রাখছে? গবেষণার প্রকৃত মূল্যায়ন হয় এর প্রয়োগে। এমন গবেষণা, যা কৃষিতে নতুন জাতের ফসল এনে উৎপাদন বাড়ায়, শিল্পের মানোন্নয়ন ঘটায়, স্বাস্থ্যসেবাকে সাশ্রয়ী করে বা প্রযুক্তি সাধারণ মানুষের হাতে পৌঁছে দেয়—এসবই দেশের জন্য প্রকৃত সম্পদ। অথচ বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে সেতুবন্ধন আজও দুর্বল। ফলে অধিকাংশ গবেষণাই ল্যাব বা রিপোর্ট ফাইলের মধ্যেই সীমাবদ্ধ থাকে। বর্তমানে ব্যক্তিগত গবেষণায় অনুদান উৎসাহিত করা হয়, যার সুদূর প্রসারী প্রভাব কম এবং সমাজে যা খণ্ডিত প্রভাব ফেলছে।
কি করা উচিত?
বিভাগভিত্তিক বড় অর্থায়ন দিয়ে বছরে কয়েকটি উচ্চমানের, প্রয়োগযোগ্য গবেষণা প্রকল্প হাতে নেওয়া উচিত। এতে জুনিয়র–সিনিয়র শিক্ষক, গবেষক এবং শিক্ষার্থীরা যৌথভাবে কাজ করতে পারবেন, যা বাস্তবায়নযোগ্য ফলাফল মাঠ পর্যায়ে পর্যন্ত প্রয়োগ নিশ্চিত করবে, এমন গবেষণাকেই প্রাধান্য দেওয়া উচিত। এতে অর্থের অপচয় কম হবে এবং বাস্তবসম্মত কাজ হবে। গবেষণায় জবাবদিহিতা নিশ্চিত হবে। বৈজ্ঞানিক গবেষণা পত্র প্রকাশ অবশ্যই জরুরি—এটি বিশ্ববিদ্যালয়ের মুখপত্র এবং বৈশ্বিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার মাধ্যম। তবে গবেষণাপত্র হবে গবেষণার স্বাভাবিক ফল, মূল লক্ষ্য নয়। আমাদের গবেষণার চূড়ান্ত গন্তব্য হওয়া উচিত দেশের সমস্যা সমাধান, মানুষের জীবনমান উন্নয়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা। যেদিন বৈজ্ঞানিক স্বীকৃতি ও বাস্তব প্রয়োগ একসাথে চলবে—সেদিনই বাংলাদেশ গবেষণার প্রকৃত সুফল ভোগ করবে। আর সে পথ তৈরি হবে বিশ্ববিদ্যালয়, সরকার ও শিল্পখাতের সমন্বিত প্রচেষ্টায়। নতুন ও সৃজনশীল গবেষণার ফলাফল পেটেন্ট করার জন্য বিশ্ববিদ্যালয়ের আলাদা একটি দায়িত্বপ্রাপ্ত ইউনিট থাকা দরকার। কারণ, একজন শিক্ষক তার নিয়মিত পাঠদানের পাশাপাশি গবেষণা, প্রকল্প ব্যবস্থাপনা এবং পেটেন্ট সংক্রান্ত কাজ একা করা বাস্তবসম্মত নয়।এভাবে পরিকল্পিতভাবে গবেষণা ও উদ্ভাবনের পরিবেশ গড়ে তুললে বিশ্ববিদ্যালয়, শিল্প, সমাজ ও রাষ্ট্র—সব কিছুর মধ্যে সমন্বয় হবে এবং আমরা সত্যিকার অর্থে একটি মানসম্পন্ন জাতি গঠনে অগ্রসর হতে পারব।
উপসংহার
সর্বশেষে বলা যায় দেশের বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং আরো ভালো করা সম্ভব। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের তথ্য হালনাগাদের দিকে মনোযোগ দিতে হবে। কারণ র্যাংকিংয়ের ডাটাবেজে যে তথ্যগুলো দরকার হয় সেগুলো হালনাগাদ করে নিজেদেরই সরবরাহ করতে হবে। যদি এটি সঠিকভাবে নিয়মিত করা যায়, তাহলে প্রতি বছরই বিশ্ব র্যাংকিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়বে। এ বছর ১৭টি বিশ্ববিদ্যালয়ের নাম টাইমস হায়ার এডুকেশন র্যাংকিংয়ে এসেছে। আগামীতে হয়তো ২০-২৫টি বিশ্ববিদ্যালয়ের নাম আসতে পারে। কারণ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এরই মধ্যে এ বিষয়ে সচেতনতা তৈরি হয়েছে। এ সচেতনতা শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বেই তৈরি হয়েছে। কারণ তথ্যপ্রযুক্তির যুগে একজন ব্যক্তি গবেষকেরও র্যাংকিং হয়। এমনকি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও কোর্সেরও র্যাংকিং হয়। আমেরিকায় প্রায় তিন হাজার বিশ্ববিদ্যালয় রয়েছে। সেখানে ব্যক্তি, বিভাগ ও কোর্স পর্যন্ত র্যাংকিং হয়। আন্তর্জাতিক র্যাংকিংয়ে আরেকটি বড় নিয়ামক হচ্ছে কোনো শিক্ষক বা গবেষকের আন্তর্জাতিক সম্পৃক্ততা বা খ্যাতি। কোনো একজন গবেষকের গবেষণা প্রবন্ধের সঙ্গে কয়টি অন্য বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সহলেখক আছেন সেটিও একটি বড় বিষয়।
লেখক: অর্থনৈতিক বিশ্লেষক, গবেষক, সাবেক পরিচালক (বার্ড), সাবেক ডিন (ব্যবসায় প্রশাসন ও বানিজ্য অনুষদ), সিটি ইউনিভার্সিটি, ঢাকা