Monday 16 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শেখ হাসিনাকে হস্তান্তরে কোনো শর্তের কথা বলেনি ভারত: শামা ওবায়েদ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৬ ১৮:২৫ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৬ ১৮:২৮

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম -ছবি : সংগৃহীত

ঢাকা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকার কাছে হস্তান্তর প্রশ্নে ভারতের যে দুই শর্তের কথা বিবিসি বাংলার প্রতিবেদনে উঠে এসেছে, এমন কোনো প্রস্তাব দেশটির সরকার দেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তিনি বলেছেন, “প্রতিবেদনটার কোনো ভিত্তি নাই বাংলাদেশের আইনে। কোনো ভিত্তি নাই। এটা সরকারের কোনো রেসপন্সিবল জায়গা থেকে আসে নাই। এই রকম প্রতিবেদন তো আপনিও ছাপাতে পারেন।”

সোমবার (১৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।

গত বৃহস্পতিবার বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, চব্বিশের মানবতাবিরোধী অপরাধে ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে নয়া দিল্লির কর্মকর্তারা দুটি শর্তের আভাস দিয়েছেন।

বিজ্ঞাপন

প্রথম শর্ত হিসেবে তারা বলেছেন, শেখ হাসিনা ভারতে এসে নেমেছিলেন বাংলাদেশ মিলিটারির সামরিক এয়ারক্র্যাফটে, তাকে ফিরিয়ে নেওয়ার কাজটাও বাংলাদেশ সেনাবাহিনীকেই করতে হবে।

নয়া দিল্লির কর্মকর্তাদের বরাতে বিবিসি বাংলা লিখেছে, সেই প্রক্রিয়াটা আকাশপথেও হতে পারে, স্থলপথেও হতে পারে। অর্থাৎ, বাংলাদেশ সামরিক উড়োজাহাজ পাঠিয়ে দিল্লি থেকে নিয়ে যেতে পারে, আবার স্থল সীমান্তের কোনো পয়েন্টে এসেও তারা শেখ হাসিনাকে গ্রহণ করতে পারে।

দ্বিতীয় শর্তে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্ধৃত করে বিবিসি বাংলা লিখেছে, শেখ হাসিনা যেন তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে তার বিচার নতুন করে শুরু করা হয়, বাংলাদেশ সরকারকে সেই নিশ্চয়তা দিতে হবে।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, “প্রতিবেদন ডাজনট মিন এনিথিং, কেননা ভারতের পররাষ্ট্র বা সরকারের অফিসিয়ালি কিছু আছে কি না, সেটা আমরা গ্রহণ করব বা সেটার জবাব দেব আমরা।

“এর বাইরে কে কোথায় কী লিখল, সেটা দেখার সময়ও নাই, সেটা আমাদের বিষয়ও না।”

ওই দুই শর্তের বিষয়ে বাংলাদেশের কোনো পর্যায়ে ভারত বলেছে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, “নো, নট অ্যাট অল। আমাদের সঙ্গে এ ব্যাপারে তাদের কথাই হয় নাই।”

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর