ঢাকা: দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন স্থানে ঘটে চলা অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এসব বিষয়ে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্যকে ‘জাতির জন্য হতাশাব্যঞ্জক’ বলে মন্তব্য করেছেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর আল ফালাহ মিলনায়তনে দলটির কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বৈঠকে সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারের সঞ্চালনায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং কর্মপরিষদের পুরুষ ও নারী সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় অনতিবিলম্বে সরকারের কার্যকর পদক্ষেপ দাবি করে ডা. শফিকুর রহমান বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে অবিলম্বে কঠোর পদক্ষেপ নিতে হবে। জাতি দেখতে চায়, এ দেশে আর কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের কোনো স্থান হবে না।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দেশ ও জাতি আজ একটি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। পাশাপাশি আমাদের সংগঠনও বিভিন্ন চ্যালেঞ্জ পার করছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশ, জাতি ও উম্মাহর কল্যাণে কাজ করে যেতে হবে। দুনিয়া আমাদের মূল লক্ষ্য নয়, বরং আখিরাত আমাদের প্রধান লক্ষ্য। একজন মু’মিন হিসেবে আমাদের এ বিষয়টি সর্বদা মাথায় রেখে জীবন পরিচালনা করতে হবে। সংগঠনের সব কর্মকাণ্ডে এর প্রতিফলন ঘটাতে হবে। জীবন পরিচালনায় নৈতিকতা, আদর্শ ও ধর্মীয় মূল্যবোধ ধারণ করতে হবে। প্রত্যেক দায়িত্বশীলকে সংগঠন পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সক্ষমতা আরও বাড়াতে হবে।
জুলাই বিপ্লবের শহিদ ও আহতদের ত্যাগের কথা স্মরণ করে বিরোধীদলীয় নেতা বলেন, ২০২৪ সালের জুলাই বিপ্লবে ১৪০০-এর বেশি শহিদের প্রাণ এবং হাজার হাজার মানুষের আহতের বিনিময়ে অর্জিত এ বাংলাদেশে গণভোটের ম্যান্ডেট সময়ের অপরিহার্য দাবি। আমরা বরাবরই বলে আসছি, সংসদে আমাদের অবস্থান হবে একটি দায়িত্বশীল বিরোধী দলের। জনগণের কণ্ঠস্বর হয়ে আমরা সবসময় জোরালো ভূমিকা রাখব এবং কোনো অন্যায়ের সঙ্গে আপস করব না। জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নে আমাদের যে দাবি, তাতে আমাদের অনড় অবস্থান অটুট থাকবে।
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে কোনো ধরনের অস্বচ্ছতা মেনে নেওয়া হবে না জানিয়ে সরকারকে কড়া বার্তা দেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী ঘটছে, তা জানার অধিকার জাতির রয়েছে। আমরা জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে ইতোমধ্যে সংসদে নোটিশ দিয়েছি। সেখানে যদি যথাযথ জবাব না পাওয়া যায়, তবে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে বা জনগণের আদালতে এর জবাব চাওয়া হবে। এ জন্য দলীয় দায়িত্বশীলদের জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের বক্তব্য হতাশাব্যঞ্জক: জামায়াত আমির
সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৬ ১৯:০৮ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৬ ১৯:০৯
১৬ নভেম্বর ২০২৬ ১৯:০৮ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৬ ১৯:০৯
সারাবাংলা/এনএল/এসএস