Monday 16 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খালেদা জিয়ার অবদান পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৬ ২৩:০৯

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

ঢাকা: দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের দীর্ঘ আন্দোলন-সংগ্রামে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ভূমিকা এবং ঐতিহাসিক অবদান জাতীয় পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার জোর দাবি জানিয়েছেন নওগাঁ-৪ আসনের বিএনপির সংসদ সদস্য একরামুল বারী টিপু।

সোমবার (১৬ নভেম্বর) ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদের অধিবেশনে কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দেওয়া এক নোটিশে তিনি এ দাবি উত্থাপন করেন।

সংসদে দেওয়া নোটিশে একরামুল বারী টিপু দেশের গণতান্ত্রিক ইতিহাসে খালেদা জিয়ার আপসহীন সংগ্রামের কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, ১৯৮২ সালে স্বৈরশাসক এইচ এম এরশাদ দেশের গণতন্ত্র হরণ করার পর দীর্ঘ নয় বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন খালেদা জিয়া। শুধু আশির দশকেই নয়, পরবর্তী সময়েও দেশে যখনই গণতন্ত্র হোঁচট খেয়েছে, তখনই তা পুনরুদ্ধারে তাঁকে দায়িত্ব নিয়ে রাজপথে আন্দোলন-সংগ্রাম করতে হয়েছে।

বিজ্ঞাপন

বিএনপির এই সংসদ সদস্য আরও বলেন, ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করে খালেদা জিয়া দেশে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রবর্তন করেছিলেন। পাশাপাশি বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সমুন্নত রাখতে সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাও প্রতিষ্ঠা করেছিলেন তিনি। এ ছাড়া পরবর্তী সময়ে দীর্ঘ ১৭ বছর ধরে ফ্যাসিবাদী ও স্বৈরাচারবিরোধী আন্দোলনেও তিনি নেতৃত্ব দিয়েছেন। এ সময় তিনি ছয় বছর জেল-জুলুম, অত্যাচার ও নির্যাতন সহ্য করেছেন এবং বিনা চিকিৎসায় কারারুদ্ধ থেকেও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অবিচল ছিলেন।

একরামুল বারী টিপু মনে করেন, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের সামনে খালেদা জিয়ার এসব ঐতিহাসিক অবদান সঠিকভাবে তুলে ধরতে পাঠ্যপুস্তকে তা অন্তর্ভুক্ত করা অত্যন্ত জরুরি। তিনি অভিযোগ করেন, বিগত স্বৈরশাসনের সময়ে পাঠ্যপুস্তকে বারবার দেশের প্রকৃত ইতিহাস বিকৃত করা হয়েছে। তাই ইতিহাসকে আবারও সঠিক ধারায় ফিরিয়ে আনতে গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়ার ভূমিকা ও অবদান পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার জন্য শিক্ষামন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর