Monday 16 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আইএফসি গণসমাবেশ / অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে জাতীয় ঐক্যের আহ্বান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৬ ২১:৫৭ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৬ ২১:৫৮

বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

ঢাকা: মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দেশের সব অভিন্ন নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার দাবিতে আয়োজিত গণসমাবেশ থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ে দলমত-নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বক্তারা।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি বাংলাদেশ (আইএফসি) আয়োজিত এ সমাবেশে সহযোগিতা করে যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন টাচিং সোলস ইন্টারন্যাশনাল (টিএসআই)।

সমাবেশে বক্তারা বলেন, উজানে একতরফাভাবে পানি প্রত্যাহার ও নদীর প্রবাহ নিয়ন্ত্রণের কারণে নদীমাতৃক বাংলাদেশের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। এর ফলে দেশের পরিবেশ-প্রতিবেশ, জীববৈচিত্র্য, কৃষি, অর্থনীতি এবং মানুষের জীবন-জীবিকায় মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে।

বিজ্ঞাপন

তারা বলেন, গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী ১১ ডিসেম্বর শেষ হতে যাচ্ছে। কিন্তু চুক্তি নবায়নের বিষয়ে এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। অন্যদিকে তিস্তাসহ বাকি ৫৩টি অভিন্ন নদীর পানিবণ্টন ও সমন্বিত ব্যবস্থাপনা নিয়েও কোনো চুক্তি হয়নি। এসব নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে কার্যকর কূটনৈতিক উদ্যোগও দৃশ্যমান নয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মওলানা ভাসানীর সংগ্রামী আদর্শ অনুসরণ করে দেশের নদ-নদী ও পানির অধিকার রক্ষায় সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, উজানে ভারতের একতরফা পানি প্রত্যাহারের বিরুদ্ধে প্রতিবাদ আরও জোরালো করতে হবে।

রিজভী অভিযোগ করেন, গঙ্গার পানি বণ্টন চুক্তিসহ বিভিন্ন চুক্তির ক্ষেত্রে ভারত বাংলাদেশের সঙ্গে প্রতারণা করেছে এবং দেশটিকে পানির ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রেখেছে। ১৯৯৬ সালের গঙ্গার পানি বণ্টন চুক্তিকে ‘ভাওতাবাজির চুক্তি’ আখ্যা দিয়ে তিনি বলেন, জিয়াউর রহমানের শাসনামলে স্বাক্ষরিত চুক্তিতে গ্যারান্টি ক্লজ থাকলেও ১৯৯৬ সালের চুক্তিতে তা বাদ দেওয়া হয়।

ভারতের সঙ্গে কূটনৈতিক আলোচনা অব্যাহত রাখার পাশাপাশি পানির ন্যায্য হিস্যা আদায়, সীমান্তে হত্যা বন্ধ এবং জাতীয় স্বার্থ রক্ষায় দলমত-নির্বিশেষে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি।

ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, বাঁধের কারণে একসময়ের প্রমত্তা পদ্মা এতটাই নাব্যতা হারিয়েছে যে, এখন কোনো কোনো স্থানে নদীর ওপর দিয়ে ঠেলাগাড়ি ও ভ্যান চলাচল করে। তিনি বলেন, ফারাক্কা বাঁধ এখন পশ্চিমবঙ্গ ও মালদহের মানুষের জন্যও দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এতে প্রমাণ হয়, নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হলে নদী যেমন বিপন্ন হয়, তেমনি এর প্রভাব থেকে কেউই রেহাই পায় না।

তিনি আরও অভিযোগ করেন, ভারত টিপাইমুখের উজানে বাঁধ নির্মাণ করে পানি প্রত্যাহারের ষড়যন্ত্র করছে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ফারাক্কা চুক্তি নিয়ে ভারত টালবাহানা করলে ট্রানজিটসহ দেশটির সঙ্গে সম্পাদিত সব অসম চুক্তি পুনর্মূল্যায়ন করতে হবে। পানির ন্যায্য হিস্যা আদায়ে ভারতকে বাধ্য করার জন্য কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

সাইফুল হক প্রয়োজনে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে একাধিক লংমার্চ আয়োজন এবং বিষয়টি জাতিসংঘে উত্থাপনেরও আহ্বান জানান।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হওয়ার কারণে বাংলাদেশের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা মোকাবিলায় জাতীয় ঐক্য ও যথাযথ প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

এবি পার্টির সাধারণ সম্পাদক ফুয়াদ হোসেন ফারাক্কা বাঁধের কারণে গত ৫০ বছরে বাংলাদেশের ক্ষয়ক্ষতি নিরূপণে বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কমিশন গঠনের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে আইএফসি বাংলাদেশের সভাপতি মোস্তফা কামাল মজুমদার বলেন, বাংলাদেশের নদী ও পানির অধিকার রক্ষার আন্দোলন এবং ভারতের আন্তঃনদী সংযোগ প্রকল্পবিরোধী আন্দোলন একই সূত্রে গাঁথা। এ আন্দোলনের মূল লক্ষ্য হলো, এক নদীর পানি অন্যত্র সরিয়ে নেওয়া বন্ধ করা এবং নদীতীরবর্তী মানুষের জীবন-জীবিকা সুরক্ষিত রাখা।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন আইএফসি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক জাসিম উদ্দিন আহমেদ, বাংলাদেশ লেবার পার্টির নেতা মোস্তাফিজুর রহমান ইরান, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক নঈম জাহাঙ্গীর, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু, আইএফসি বাংলাদেশের সাধারন সম্পাদক মাহবুবুল আলম,
জনতার আন্দোলনের সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক নূর আহমেদ এবং কালাম ফয়েজী। আইএফসি বাংলাদেশের যুগ্ম সাধারন সম্পাদক রফিকুল ইসলাম আজাদ ও সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান আতা সমাবেশ পরিচালনা করেন।

সমাবেশ থেকে ছয় দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো—সব অভিন্ন নদীর উজানে পানিপ্রবাহের ওপর আরোপিত সব বাধা প্রত্যাহার; ফারাক্কা বাঁধ ভেঙে দেওয়া; তিস্তার ওপর নির্মিত গজলডোবা বাঁধ ভেঙে দেওয়া; সব অভিন্ন নদীর অববাহিকাভিত্তিক ব্যবস্থাপনায় চুক্তি সম্পাদন; জাতিসংঘের ১৯৯৭ সালের আন্তর্জাতিক পানিপ্রবাহ কনভেনশনে স্বাক্ষর; এবং জাতিসংঘের তত্ত্বাবধানে সব অভিন্ন নদীর পানির সুষম বণ্টন ও সমন্বিত ব্যবস্থাপনা নিশ্চিত করা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর