ঢাকা : জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখা এবং নিরবচ্ছিন্ন জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কক্সবাজারের মহেশখালীর কুতুবদিয়ায় দেশের তৃতীয় ভাসমান সংরক্ষণাগার ও রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এ তথ্য জানান। তিনি বলেন, সাময়িকভাবে গ্যাস সরবরাহ বিঘ্নিত হলে বা কোনো কারণে বন্ধ হয়ে গেলে জাতীয় গ্রিডে স্বাভাবিক চাপ ফিরিয়ে আনতে ২৪ থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত সময় লেগে যায়, যা শিল্পকারখানার উৎপাদন ও গৃহস্থালির স্বাভাবিক কার্যক্রমকে মারাত্মকভাবে ব্যাহত করে। ভবিষ্যতে এ ধরনের গ্যাস সংকট বা জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলা এবং সরবরাহব্যবস্থার নির্ভরযোগ্যতা বজায় রাখতেই অধিক ধারণক্ষমতার এই নতুন ইউনিট স্থাপন করা হচ্ছে।
বৈশ্বিক জ্বালানি বাজারের বর্তমান অস্থিরতা এবং অতীত অভিজ্ঞতার প্রেক্ষাপট তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতি দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী যেকোনো সংকটের চেয়েও জটিল ও কঠিন। মধ্যপ্রাচ্য সংকট ও আন্তর্জাতিক জ্বালানি বাজারে তীব্র প্রতিযোগিতার কারণে বিশ্বের বিভিন্ন দেশ তাদের নিজস্ব জ্বালানি সক্ষমতা নিশ্চিত করতে এফএসআরইউ সংগ্রহের ওপর বিশেষ জোর দিচ্ছে। অতীতে আগস্ট মাসে একটি এফএসআরইউ নষ্ট হওয়ার কারণে দেশ ও জাতিকে যে চড়া মূল্য দিতে হয়েছিল, বর্তমান সরকার তার পুনরাবৃত্তি আর হতে দিতে চায় না। সেই অনভিপ্রেত পরিস্থিতিতে শিল্প খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়েছিল এবং গৃহস্থালি গ্রাহকেরাও সীমাহীন দুর্ভোগে পড়েছিলেন। সেই বাস্তব অভিজ্ঞতা থেকেই আন্তর্জাতিক বাজারে প্রাপ্যতা ও নির্ভরযোগ্যতা যাচাই করে ২০০৫ বা ২০০৬ সালের পুরোনো জাহাজের ঝুঁকি না নিয়ে অপেক্ষাকৃত নতুন, অর্থাৎ ২০১৬ সালে নির্মিত জাহাজ সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রস্তাবিত নতুন এই এফএসআরইউর কারিগরি শ্রেষ্ঠত্ব ও কার্যকারিতা ব্যাখ্যা করে প্রতিমন্ত্রী সংসদকে জানান, মহেশখালীতে স্থাপিত হতে যাওয়া ইউনিটটির এলএনজি সংরক্ষণ ক্ষমতা ১ লাখ ৭৪ হাজার ঘনমিটার, যা দেশে বিদ্যমান দুটি এফএসআরইউর প্রতিটির ১ লাখ ৩৮ হাজার ঘনমিটার ধারণক্ষমতার তুলনায় প্রায় ২৬ শতাংশ বেশি। বাংলাদেশে স্থলভাগে বা ল্যান্ড-বেজড কোনো এলএনজি সংরক্ষণাগার না থাকায় ভাসমান সংরক্ষণাগারই একমাত্র বিকল্প। এই বিশাল ধারণক্ষমতার কারণে একদিকে যেমন অতিরিক্ত এলএনজি মজুত রাখা সম্ভব হবে, অন্যদিকে আধুনিক যুগের মস টাইপ ও মেমব্রেন টাইপ উভয় ধরনের বড় জাহাজই এই টার্মিনালে ভেড়ানোর সুযোগ তৈরি হবে।
বড় জাহাজ ভেড়ানোর অর্থনৈতিক ও লজিস্টিক সুবিধার কথা তুলে ধরে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, এর ফলে একসঙ্গে অনেক বেশি বাল্ক পরিমাণে এলএনজি আমদানি করা সম্ভব হবে। এতে প্রতি ইউনিটে ৫ থেকে ১০ সেন্ট মার্কিন ডলার সাশ্রয় হবে এবং এককভাবে প্রতিটি কার্গোতে প্রায় ১ লাখ ৯০ হাজার মার্কিন ডলার পর্যন্ত খরচ কমবে। ২০ বছর মেয়াদি চুক্তির আওতায় প্রতি বছর গড়ে ৫০টি কার্গো বিবেচনা করলে কেবল বাল্ক পরিমাণে এলএনজি ক্রয়ের মাধ্যমেই দেশ প্রায় ২ হাজার ৩০০ কোটি বাংলাদেশি টাকা সাশ্রয় করতে সক্ষম হবে। পাশাপাশি জাহাজগুলোর বিরতির সময় বৃদ্ধি পাওয়ায় পুরো লজিস্টিকস ও ব্যবস্থাপনা প্রক্রিয়াও অনেক সহজ হবে এবং গ্রিডের চাপ পুনরুদ্ধারের দীর্ঘসূত্রতা এড়ানো সম্ভব হবে।
বিবৃতির শেষ পর্যায়ে প্রতিমন্ত্রী জনগণের অর্থের সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহির বিষয়টি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত একটি দায়িত্বশীল সরকার এবং জনগণের প্রতিটি পয়সার সঠিক হিসাব পাই টু পাই নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। রাষ্ট্রীয় অর্থের যেন বিন্দুমাত্র অপচয় না হয়, সে বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার সব সময় সর্বোচ্চ সতর্ক ও প্রতিজ্ঞাবদ্ধ। সংসদে দেওয়া প্রতিমন্ত্রীর এই বিস্তারিত বিবৃতির মাধ্যমে সরকারের দীর্ঘমেয়াদি জ্বালানি পরিকল্পনা ও স্বচ্ছতার অবস্থান আরও স্পষ্ট হয়ে উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।