ঢাকা : বেসরকারি সাউথইস্ট ব্যাংকের একজন কর্মকর্তাকে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দেওয়ার যোগ্যতা কী, তা নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নে তিনি অর্থমন্ত্রীর কাছে এই নিয়োগের যৌক্তিকতা এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্ত করার প্রতিশ্রুতি কবে বাস্তবায়ন হবে, তা জানতে চান। জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী স্পষ্ট জানান, বেসরকারি খাত থেকে সরকারি ব্যাংকে নিয়োগ দেওয়া যাবে না এমন কোনো নিয়ম নেই; বরং পূর্ণাঙ্গ যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতেই এসব নিয়োগ দেওয়া হচ্ছে।
সংসদে সম্পূরক প্রশ্ন উত্থাপনকালে হাসনাত আবদুল্লাহ রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ভয়াবহ আর্থিক সংকট ও খেলাপি ঋণের পরিসংখ্যান তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, গত বছরের জুন মাস পর্যন্ত জনতা ব্যাংকের মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছিল ৭৫ হাজার ৩৯৭ কোটি টাকায়। এই বিশাল অঙ্কের খেলাপি ঋণের মধ্যে বেক্সিমকো গ্রুপের কাছে ২৩ হাজার কোটি টাকা, এস আলম গ্রুপের কাছে ১০ হাজার ২০০ কোটি টাকা, অ্যাননটেক্সের কাছে ৭ হাজার ৮০০ কোটি টাকা এবং ক্রিসেন্ট গ্রুপের কাছে ৩ হাজার ৪০০ কোটি টাকা আটকে রয়েছে।
এনসিপির এই সংসদ সদস্য অভিযোগ করেন, অতীতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নিয়োগ দেওয়া ব্যাংকের পরিচালনা পর্ষদ ও এমডিদের একটি সিন্ডিকেটের কারণে দেশের ব্যাংকগুলো খাদের কিনারায় চলে গেছে। তিনি মনে করিয়ে দেন যে, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় গেলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্ত করে ব্যাংকিং খাতের সম্পূর্ণ নিয়ন্ত্রণ বাংলাদেশ ব্যাংকের হাতে ছেড়ে দেওয়া হবে এবং সরকার এ ক্ষেত্রে কোনো হস্তক্ষেপ করবে না। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, বেসরকারি সাউথইস্ট ব্যাংকের একজন কর্মকর্তাকে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের এমডি পদে নিয়োগ দেওয়া হয়েছে, অথচ ২০২৪ সালের পর থেকে সেই সাউথইস্ট ব্যাংকের বিরুদ্ধেই ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে।
সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, মাঝারি আকারের একটি বেসরকারি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালককে (এএমডি) কী যোগ্যতার ভিত্তিতে জনতা ব্যাংকের মতো এত বড় ও সমস্যাগ্রস্ত একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের এমডি হিসেবে নিয়োগ দেওয়া হলো? একই সঙ্গে এই নিয়োগের মানদণ্ড কী এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্ত করার প্রতিশ্রুতি কবে নাগাদ বাস্তবায়ন করা হবে, তা অর্থমন্ত্রীর কাছে জানতে চান তিনি।
সংসদ সদস্যের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সরকারের অবস্থান পরিষ্কার করেন। তিনি জানান, বেসরকারি খাত থেকে সরকারি ব্যাংকে শীর্ষ পদে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কোনো আইনি বা নীতিগত বাধা নেই। সরকারি কিংবা বেসরকারি উভয় খাত থেকেই যোগ্য ও দক্ষ ব্যক্তিদের নিয়োগ দেওয়া হতে পারে। একটি নির্ধারিত প্যানেলের মাধ্যমে প্রার্থীদের সাক্ষাৎকার এবং জীবনবৃত্তান্ত পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করেই সবচেয়ে যোগ্য ব্যক্তিদের নির্বাচন করা হচ্ছে। এ ক্ষেত্রে প্রার্থী বেসরকারি খাত থেকে এসেছেন, নাকি সরকারি ব্যাংকে কর্মরত আছেন, তা কোনোভাবেই বিবেচনায় নেওয়া হয় না।
অর্থমন্ত্রী আরও বলেন, সরকার চায় প্রকৃত যোগ্য ও দক্ষ ব্যক্তিরা ব্যাংকগুলোর নেতৃত্ব নিক এবং ব্যাংকগুলো যে গভীর খাদের মধ্যে পড়েছে, সেখান থেকে সেগুলোকে টেনে তুলে আনুক। শুধু ব্যাংকের এমডি পদেই নয়, বরং পরিচালনা পর্ষদেও যোগ্য ব্যক্তিদের প্যানেল থেকে বাছাই করে নিয়োগ দেওয়া হচ্ছে। তিনি দৃঢ়তার সঙ্গে দাবি করেন, কোনো রাজনৈতিক বিবেচনায় আজ পর্যন্ত কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয়নি এবং ভবিষ্যতেও দেওয়া হবে না; কেবল যোগ্যতার ভিত্তিতেই এসব নিয়োগ সম্পন্ন হচ্ছে। এ ছাড়া দেশের ব্যাংকিং খাতে গ্রাহকদের আস্থা আবারও ফিরতে শুরু করেছে উল্লেখ করে আমির খসরু বলেন, অনেকে আশঙ্কা করেছিলেন গ্রাহকেরা ব্যাংক থেকে টাকা তুলে নেবেন এবং বড় ধরনের সংকট তৈরি হবে, কিন্তু এখন ঠিক তার উল্টো চিত্র দেখা যাচ্ছে ব্যাংকিং খাতে নিট আমানত বাড়ছে এবং এ খাত দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে।