ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ট্রাফিক পুলিশের নিয়মিত দায়িত্ব পালনকালে একটি বাসের ভেতর জিম্মি করে রাখা দুই যাত্রীকে উদ্ধার করা হয়েছে। এসময় তিশা পরিবহনের একটি বাসের সুপারভাইজার ইয়াসিনকে (৩২) গ্রেফতার করে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১টার দিকে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনকালে যাত্রাবাড়ী এলাকায় তিশা পরিবহনের একটি বাসের কাগজপত্র যাচাইয়ের জন্য সংকেত দেয়। কাগজপত্র দেখতে চাইলে বাসের ভেতরে থেকে দুই যাত্রী ট্রাফিক পুলিশকে জানায় বাসের চালক, হেলপার ও সুপারভাইজার তাদের জিম্মি করে মুক্তিপণ হিসেবে ২০ হাজার টাকা দাবি করে।
আকতার হোসেন বলেন, তাৎক্ষণিকভাবে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সুপারভাইজার ইয়াসিনকে গ্রেফতার করেন ও গাড়িটি হেফাজতে নেয়। তবে এসময় বাসের চালক ও হেলপার কৌশলে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত ইয়াসিন ও হেফাজতে নেওয়া বাসটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।