ঢাকা: প্রায় ৬ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয়ে চীনের একটি কোম্পানিকে দেশের তৃতীয় এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনাল নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে বলে জাতীয় সংসদে গুরুতর অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আখতার হোসেন।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নে তিনি এই অভিযোগ উত্থাপন করে বিতর্কিত প্রকল্পটি বাতিল করে দেশের স্বার্থ সংরক্ষণে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, তা অর্থমন্ত্রীর কাছে জানতে চান। জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, আখতার হোসেনের এই প্রশ্নটি নির্ধারিত মূল প্রশ্নের সঙ্গে সম্পর্কিত নয়; তবে এ বিষয়ে সংসদ সদস্য সুনির্দিষ্ট নোটিশ দিলে সঠিক ও বিস্তারিত উত্তর দেওয়া হবে।
সংসদে সম্পূরক প্রশ্ন উত্থাপনকালে আখতার হোসেন প্রকল্পটির আর্থিক অসংগতি ও চুক্তির শর্তাবলি নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, গত বৃহস্পতিবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে প্রায় ৬ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয়ে চীনের সিএনইই কোম্পানিকে তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। চুক্তির শর্ত তুলে ধরে তিনি জানান, অনুমোদন পাওয়া চীনা কোম্পানিটি দৈনিক ক্যাপাসিটি চার্জ হিসেবে ৩ লাখ ৪২ হাজার মার্কিন ডলার দাবি করেছে, অথচ বর্তমানে দেশে চালু থাকা দুটি এলএনজি টার্মিনালের দৈনিক ক্যাপাসিটি চার্জ যথাক্রমে ২ লাখ ৫৪ হাজার এবং ২ লাখ ৪৯ হাজার মার্কিন ডলার।
মালিকানা হস্তান্তরের শর্তেও বড় ধরনের বৈষম্যের অভিযোগ আনেন এনসিপির এই সংসদ সদস্য। তিনি উল্লেখ করেন, দেশে বিদ্যমান দুটি এলএনজি টার্মিনালের নির্ধারিত কাজের মেয়াদ শেষ হলে সেগুলোর জাহাজসহ সংশ্লিষ্ট সব অবকাঠামো ও সম্পদ স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশের মালিকানায় চলে আসবে। কিন্তু চীনের সিএনইই কোম্পানিকে অনেক বেশি মূল্যে কাজ দেওয়া সত্ত্বেও নতুন এই টার্মিনালটি ১৫ বছর মেয়াদ শেষ হওয়ার পরও বাংলাদেশের মালিকানায় ফিরবে না, যা দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি ও অর্থনৈতিক স্বার্থের পরিপন্থী।
প্রকল্পটি অনুমোদনের প্রক্রিয়া নিয়েও সন্দেহ প্রকাশ করেন আখতার হোসেন। তিনি দাবি করেন, চীনা কোম্পানিটি কয়েক মাস আগে যে ভাষায় প্রস্তাব জমা দিয়েছিল, ঠিক একই ভাষায় একজন সংসদ সদস্যের পক্ষে একটি কোম্পানিও প্রস্তাব দিয়েছিল। মাত্র এক মাস আগে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাবটি উত্থাপিত হলে নানা অসংগতির কারণে তা বাতিল করা হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী তুরস্ক সফরে থাকা অবস্থায় তড়িঘড়ি করে নতুন করে প্রস্তাবটি আবারও ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে তোলা হয় এবং অনুমোদন দেওয়া হয়।
নতুন এই এলএনজি টার্মিনাল নির্মাণে স্বাভাবিকের চেয়ে প্রায় ৩৫ শতাংশ বেশি ব্যয় হচ্ছে বলে দাবি করে আখতার হোসেন বলেন, এর মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের ব্যাপক অপচয়ের পাশাপাশি বড় ধরনের অর্থ লোপাটের সুযোগ তৈরি করা হচ্ছে। এ অবস্থায় সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি হিসেবে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি জানতে চান, অতিরিক্ত ব্যয়ে চীনা কোম্পানিকে দেওয়া এই প্রকল্পটি বাতিল করে বাংলাদেশের স্বার্থ রক্ষায় সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করবে কি না।