দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে আগের দিন ৯২ রানে অপরাজিত থাকা লিটন দাস আজ তিন অঙ্কের ঘরে পৌঁছানোর পরের মুহূর্তটা হলো দেখার মতো। পকেট থেকে একটা চিরকুট বের করলেন বাংলাদেশের অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার। তাতে হাতে লেখা- ‘হ্যাপি বার্থডে মাই প্রিন্সেস। এই সেঞ্চুরিটা তোমার জন্য।’ লিটনের ছোট্ট মেয়ে আনায়রার তৃতীয় জন্মদিন আজ। জন্মদিনে ছোট্ট আনায়রাকে সেঞ্চুরি গিফট করেছেন বাবা!
দিনের খেলা শেষে লিটন জানালেন এই সেঞ্চুরির আবদার আনায়রা আগে থেকেই করে রেখেছিলেন। গল্পটা লিটনের মুখেই শুনুন, ‘আজ আমার মেয়ের তিন বছর পূর্ণ হলো। আমি যখন ঘরে থাকি, সে প্রায়ই বলে, বাবা, আমার একটা সেঞ্চুরি চাই। তাই এই সেঞ্চুরিটা অবশ্যই ওর জন্য। ওকে খুব মিস করছি। বিশেষ করে আজ ওর জন্মদিন বলে আরও বেশি।’
মেয়ে যখন জন্মদিন উদযাপন করছিলেন লিটন তখন হাজার মাইল দুরে। দুর থেকে অবশ্য সেঞ্চুরির মতো বিশেষ কিছুই উপহার হিসেবে পাঠাতে পেরেছেন মেয়ের জন্য। সেঞ্চুরির পর মেয়ের উদ্দেশে সেই চিরকুটের পরিকল্পনা মাঠে নামার আগে। লিটন জানালেন, ‘যখন ৯২ রানে অপরাজিত ছিলাম, তখন রুমে ফিরে চিন্তা করছিলাম। আমার স্ত্রী ও মেয়ের সঙ্গে কথা হয়েছিল। আজ ওর জন্মদিন ছিল। তাই ভাবছিলাম, কীভাবে ওকে একটা সারপ্রাইজ দেওয়া যায়। তবে তখন এটা মাথায় আসেনি। সকালে মনে হলো, এ রকম কিছু করা যায় কি না। যদি সেঞ্চুরি না হতো, তাহলে চিরকুটটা পকেটেই থেকে যেত।’
মেয়েকে উপহার দেওয়া লিটনের সেঞ্চুরিটা বাংলাদেশের বেশ কাজে লেগেছে। টেস্টে প্রথমে ব্যাটিং করতে নেমে কাগিসো রাবাদার পেস তোপে বিপদে পড়া বাংলাদেশ যে শেষ পর্যন্ত চারশ রানের স্কোর গড়ল তাতে লিটনের এই ইনিংসের বড় অবদান। তার সঙ্গে সেঞ্চুরি পেয়েছেন অবশ্য তাওহিদ হৃদয়ও। দুজনের সেঞ্চুরিতে বাংলাদেশ যখন চারশ রানের স্কোর পেল সেটা বেশ স্বস্তিই দিচ্ছিল বটে।
কিন্তু পরে জবাব দিতে নেমে দক্ষিণ আফ্রিকাও এগুচ্ছে দাপুটে। মার্কাস অ্যাকারম্যানের সেঞ্চুরিতে ৪ উইকেটে ২৮৭ রান তুলে আজ দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে প্রোটিয়ারা। স্বাগতিকদের হাতে এখনো ছয় উইকেট। ফলে বাংলাদেশের চারশ রানের সংগ্রহ পেরিয়ে যাওয়ার ভালো সুযোগ আছে তাদের।
দিন শেষে লিটন বললেন, বাংলাদেশের স্কোরটা আরও বড় হওয়া দরকার ছিল। সেঞ্চুরিয়ান লিটন বলেন, ‘আমার মনে হয়, আমরা ৫০-৬০ রান কম করেছি। আরও ১০-১৫ ওভার ব্যাট করতে পারলে সহজেই ৪৫০-৪৬০ রান করতে পারতাম। সেটা আমাদের জন্য ভালো হতো।’
আজ পতন হওয়া চার উইকেটের তিনটিই নিয়েছেন ফর্মে থাকা বাংলাদেশি পেসার হাসান মাহমুদ। উইকেট না পেলেও ভালো বোলিং করেছেন তাসকিন আহমেদও। কাল বাংলাদেশি বোলররা তার ওই ৫০-৬০ রানের আক্ষেপ মিলিয়ে দিবেন লিটন নিশ্চয় সেটাই চাইবেন।