কুষ্টিয়া: কুষ্টিয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক তিনটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে ১৮ কেজি গাঁজা, ২৯ পিস ইয়াবা, ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, আট বোতল ভারতীয় মদ ও ছয়টি ভারতীয় মোবাইলফোন উদ্ধার করা হয়েছে। এ সময় এক মাদককারবারিকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১২টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।
বিজিবি জানায়, সোমবার বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে দৌলতপুর উপজেলার মহিষকুণ্ডি ঘোনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. লালু (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৯ পিস ভারতীয় ইয়াবা ও ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এর আগে একই দিন বিকেল সাড়ে ৩টার দিকে চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ বুড়ির খাল এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ছয়টি ভারতীয় মোবাইলফোন উদ্ধার করে বিজিবি।
এ ছাড়া মঙ্গলবার রাত ১২টা ৪০ মিনিটের দিকে ধলা বিওপির দায়িত্বপূর্ণ ধলার মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৮ কেজি ভারতীয় গাঁজা ও আট বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
বিজিবির তথ্য অনুযায়ী, উদ্ধার করা মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৭২ হাজার ১৯৯ টাকা এবং আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানিয়েছে, সীমান্ত সুরক্ষা, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদারসহ নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকমুক্ত ও নিরাপদ সীমান্ত প্রতিষ্ঠার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।