Tuesday 17 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যুবদল নেতা নয়নকে আইনের আওতায় আনার দাবি শিশির মনিরের

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৬ ১৮:২২

আইনজীবী মোহাম্মদ শিশির মনির। ফাইল ছবি

ঢাকা: সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলার ঘটনায় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জামায়াতে ইসলামীর নেতা অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের বার ভবনে জামায়াত-সমর্থিত আইনজীবীদের সংগঠন বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ দাবি জানান। রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে শিশির মনির বলেন, ‘অ্যাডভোকেট রাহেদুল ইসলাম রঞ্জুর সঙ্গে তার কথা হয়েছে। রঞ্জু তাকে জানিয়েছেন, হামলার সময় তিনি বারবার নিজের পরিচয় দিয়ে বলেছেন, তিনি অন্য কেউ নন, তার নাম রঞ্জু। তিনি ফেসবুকে সক্রিয় এবং লইয়ার্স কাউন্সিল ও জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত।’ এর পরও তাকে সেখান থেকে বের করে নিয়ে রড দিয়ে পেটানো হয়েছে বলে অভিযোগ করেন শিশির মনির।

বিজ্ঞাপন

সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘এ ধরনের অরাজক পরিস্থিতি বন্ধ করতে না পারলে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি ঘটবে।’ এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট ফৌজদারি অপরাধ সংঘটিত হয়েছে উল্লেখ করে তিনি মামলা দায়েরের দাবি জানান।

শিশির মনির আরও বলেন, ‘দায়িত্বশীলদের পক্ষ থেকে আলাদা সংবাদ সম্মেলন করে অভিযুক্ত ব্যক্তির ছবি ও পরিচয় প্রকাশ করা উচিত।’ সুপ্রিম কোর্টের বিভিন্ন স্থানে তার ছবি ও পরিচয় টাঙিয়ে দেওয়ার কথাও বলেন তিনি।

তিনি সতর্ক করে বলেন, ‘সুপ্রিম কোর্টের একজন আইনজীবীকে এভাবে অপদস্থ করার পরও কেউ পার পেয়ে গেলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠবে। আইনজীবীদের দায়িত্ব আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করা।’ কিন্তু হামলাকারী আইন নিজের হাতে তুলে নিয়েছেন বলে মন্তব্য করেন তিনি।

শিশির মনির বলেন, ‘আগামীকালই এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে অভিযুক্ত ব্যক্তিকে বিচারের আওতায় আনা সবার স্বার্থে জরুরি।’

সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট হেলাল উদ্দিন অবিলম্বে রবিউল ইসলাম নয়নকে গ্রেফতারের দাবি জানান।’

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- জামায়াত নেতা অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, অ্যাডভোকেট গোলাম রহমান ও অ্যাডভোকেট সাইফুর রহমান প্রমুখ।

সারাবাংলা/টিএম/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর