Tuesday 17 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৬ ১৮:০২

-ছবি : সংগৃহীত

ঢাকা: তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের চিকিৎসাসেবা আরও আধুনিক ও সহজলভ্য করতে সারা দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জরুরি চিকিৎসাসেবা, মাতৃস্বাস্থ্য, প্রসূতি সেবা, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং দুর্ঘটনাজনিত রোগীদের চিকিৎসাসেবা উন্নত করার লক্ষ্যে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে এক লিখিত প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এসব তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশন চলাকালে স্বাস্থ্যমন্ত্রী সংসদে অনুপস্থিত থাকায় প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

বিজ্ঞাপন

অধিবেশনে বগুড়া-১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম তার নির্বাচনী এলাকার সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় প্যাথলজি সরঞ্জাম ও এক্স-রে মেশিন চালুর বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চান।

এর লিখিত জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার সরকারি সিদ্ধান্তের আলোকে কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম, অ্যাম্বুলেন্স, পর্যাপ্ত ওষুধ এবং জরুরি রোগীকে জেলা পর্যায়ের হাসপাতালে স্থানান্তরের কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে সারা দেশের সব জেলা ও উপজেলা হাসপাতাল থেকে আধুনিক মেডিকেল যন্ত্রপাতির চাহিদা সংগ্রহ করা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আরও উল্লেখ করেন, সংগৃহীত চাহিদা অনুযায়ী আধুনিক মেডিকেল যন্ত্রপাতি বরাদ্দ দেওয়ার লক্ষ্যে জেলার জন্য চারটি এবং উপজেলার জন্য আটটি প্রকল্প যাচাই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পুনর্গঠন করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে প্রান্তিক পর্যায়ের স্বাস্থ্যসেবায় আমূল পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

সারাবাংলা/এফএন/এসআর
বিজ্ঞাপন

আরো