ঢাকা: কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগের কারণে এ আসনে ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
বুধবার (১৭ নভেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।
তিনি জানান, আইনের বাধ্যবাধকতা আছে ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করার। আমরা ৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন আয়োজন করব।
এর আগে, শারীরিক অসুস্থতার কারণে কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ওসমান ফারুক জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে ই-মেইলে পদত্যাগপত্র পাঠান। পরে বিকেলে সংসদ সচিবালয় কিশোরগঞ্জ-৩ আসন শূণ্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে।
উল্লেখ্য, অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ওসমান ফারুক। ত্রয়োদশ জাতীয় সংসদ গঠনের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাই করতে গঠিত সংসদীয় বিশেষ কমিটির সদস্য ছিলেন ওসমান ফারুক।
এ ছাড়া গত ১ জুলাই জাতীয় সংসদে ‘ককাস অব আমেরিকা ইন দ্য ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’ নামে ১০ সদস্যের একটি বহুদলীয় সংসদীয় ককাস গঠন করা হয়। ওই কমিটির সভাপতি ছিলেন তিনি।