Tuesday 17 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৬ ১৮:১০ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৬ ১৮:১৯

জাতীয় সংসদে বক্তব্য রাখছেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) – ছবি : সংগৃহীত

ঢাকা: দেশের প্রতিটি জেলায় সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি করে আধুনিক বা মডেল মন্দির নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ইতিমধ্যে প্রকল্প দলিল প্রণয়নের কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের কার্যদিবসে এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী সরকারের এই পরিকল্পনার কথা তুলে ধরেন। এ সময় সংসদ অধিবেশনে সভাপতিত্ব করছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

অধিবেশনে নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম ধর্মমন্ত্রীর কাছে জানতে চান, সাম্প্রদায়িক ও ধর্মীয় সম্প্রীতির দেশ হিসেবে বাংলাদেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি করে মন্দির নির্মাণের কোনো পরিকল্পনা সরকারের রয়েছে কি না। সেই সঙ্গে এমন কোনো পরিকল্পনা থাকলে তা কবে নাগাদ বাস্তবায়ন করা হবে, সে বিষয়েও তিনি সুনির্দিষ্ট তথ্য জানতে চান।

বিজ্ঞাপন

এর জবাবে ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন জানান, সরকার ধর্মীয় সম্প্রীতি রক্ষা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় অবকাঠামো উন্নয়নে আন্তরিক। এরই অংশ হিসেবে দেশের প্রতিটি জেলায় সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি করে আধুনিক মন্দির নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে এই প্রকল্পের প্রাথমিক প্রশাসনিক কার্যক্রম অর্থাৎ প্রকল্প দলিল প্রণয়নের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে বলে তিনি সংসদকে অবহিত করেন। প্রকল্প দলিল চূড়ান্ত ও অনুমোদিত হলে পর্যায়ক্রমে জেলা পর্যায়ে এই আধুনিক মন্দিরগুলোর নির্মাণকাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর