ঢাকা: শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সরকারের পূর্ণ সমর্থন থাকলেও শ্রমিক আন্দোলনকে ব্যবহার করে দেশের অর্থনীতি অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। একই সঙ্গে তিনি জানিয়েছেন, পোশাকশ্রমিকদের নতুন মজুরি আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে এবং শ্রমিকরা আগামী জানুয়ারি মাস থেকেই বর্ধিত হারে মজুরি পাবেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে তৈরি পোশাকশিল্পের চলমান শ্রমিক অসন্তোষ, জ্বালানি সংকট ও অন্যান্য কাঠামোগত সমস্যা নিরসন এবং এই খাতের সম্ভাবনা কাজে লাগানোর বিষয়ে সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
সংসদে দেওয়া বক্তব্যে জোনায়েদ সাকি শ্রমিকদের আন্দোলনের অধিকারের প্রতি পূর্ণ শ্রদ্ধা জানিয়ে বলেন, শ্রমিকদের আন্দোলন করার গণতান্ত্রিক অধিকার রয়েছে। তারা বর্তমানে নানা সমস্যায় রয়েছেন এবং তাদের কষ্ট ও ন্যায্য দাবির বিষয়টি সরকার অবগত আছে। এসব সমস্যা সমাধানে সরকার প্রয়োজনীয় পদক্ষেপও নিচ্ছে। তবে শ্রমিকদের অসন্তোষকে কাজে লাগিয়ে কোনো পক্ষ যদি দেশের অর্থনীতি অস্থিতিশীল করার চেষ্টা করে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি উল্লেখ করেন, শ্রমিকের ন্যায্য দাবির সঙ্গে সরকার ছিল, আছে এবং থাকবে; তবে শিল্পের সুরক্ষা নিশ্চিত করার বিষয়টিও শ্রমিক আন্দোলনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। কারণ, শিল্প রক্ষা পেলেই শ্রমিক বাঁচবে এবং শ্রমিকদের অধিকারও সুরক্ষিত থাকবে।
পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের বিষয়ে সংসদে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, সরকার, মালিক ও শ্রমিক এই তিন পক্ষের প্রতিনিধিদের সমন্বয়ে ইতিমধ্যে নতুন মজুরি বোর্ড গঠন করা হয়েছে। গত ২৭ অক্টোবর ত্রিপক্ষীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং ১ নভেম্বর থেকে নতুন মজুরি বোর্ড আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যেই মজুরি পুনর্নির্ধারণের কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, নতুন মজুরি ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে এবং শ্রমিকরা আগামী জানুয়ারি মাস থেকে বর্ধিত মজুরি হাতে পাবেন।
মজুরি নির্ধারণের প্রেক্ষাপট ব্যাখ্যা করে জোনায়েদ সাকি জানান, ২০২৩ সালের ডিসেম্বরে পোশাকশ্রমিকদের সর্বশেষ মজুরি নির্ধারণ করা হয়েছিল। আগে পাঁচ বছর পরপর মজুরি পুনর্নির্ধারণের বিধান থাকলেও নতুন শ্রম আইনে তা কমিয়ে তিন বছর করা হয়েছে। তবে শ্রমিকদের বর্তমান জীবনযাত্রার পরিস্থিতি বিবেচনায় নিয়ে তিন বছর পূর্ণ হওয়ার আগেই সরকার নতুন মজুরি বোর্ড গঠন করেছে। তিনি স্পষ্ট করেন যে, মজুরি নির্ধারণের ক্ষেত্রে জীবনযাত্রার ব্যয়, জীবনমান, মূল্যস্ফীতি, কাজের ধরন ও ঝুঁকি, উৎপাদন ব্যয়, উৎপাদনশীলতা, আর্থসামাজিক পরিস্থিতি এবং মালিকদের ব্যবসায়িক সক্ষমতাকে যথাযথভাবে বিবেচনায় নেওয়া হবে।
অতীতের মজুরি বোর্ডগুলোর দীর্ঘসূত্রতার উদাহরণ টেনে তিনি বলেন, ২০১৩ সালে গঠিত বোর্ডের কাজ শেষ করতে পাঁচ মাস ১৫ দিন, ২০১৮ সালের বোর্ডের ২৪১ দিন এবং ২০২৩ সালের বোর্ডের ২৩১ দিন সময় লেগেছিল। তবে এবার নির্ধারিত স্বল্প সময়ের মধ্যেই কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে।
শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও কল্যাণে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, শ্রমিক অধ্যুষিত ছয়টি অঞ্চলে বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া শ্রমিক এলাকার শিশুদের কল্যাণে শিশু কল্যাণ ট্রাস্টের কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে। পাশাপাশি ওএমএস কার্যক্রমের আওতা বাড়ানো এবং শ্রমিকদের পরিবারের জন্য ভর্তুকি মূল্যে জ্বালানি সরবরাহের বিষয়েও জ্বালানি মন্ত্রণালয় কাজ করছে বলে তিনি সংসদকে জানান।
বৈশ্বিক অর্থনৈতিক চাপের কথা উল্লেখ করে জোনায়েদ সাকি বলেন, আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি ও গ্যাসের দাম বেড়ে যাওয়ায় সরকারের ওপর প্রায় ৪ বিলিয়ন ডলারের অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হয়েছে। এই কঠিন পরিস্থিতির মধ্যেও শ্রমিকদের স্বার্থ রক্ষাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
দেশের পোশাকশিল্পের বিকাশে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, বর্তমান সরকারও এই শিল্পের সুরক্ষা ও আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে নিরলসভাবে কাজ করছে। এর অংশ হিসেবে ব্যবসা পরিচালনার ব্যয় কমানো, অপ্রয়োজনীয় নিয়ন্ত্রণ শিথিল করা এবং শিল্পাঞ্চলে চাঁদাবাজি বন্ধের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এলডিসি উত্তরণের সময়সীমা তিন বছর বাড়ানো হয়েছে এবং এর বেশি সময় বাড়ানোর আর কোনো সুযোগ নেই। তাই উত্তরণ-পরবর্তী সময়ে বিশ্ববাজারে বাংলাদেশের রপ্তানি প্রতিযোগিতা ধরে রাখতে সরকার এখন থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে। বক্তব্যের শেষাংশে শ্রমিক না বাঁচলে শিল্প বাঁচবে না উল্লেখ করে তিনি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি শিল্পের উৎপাদন ও কর্মসংস্থান সচল রাখার বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।