ঢাকা: বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে সবচেয়ে স্বল্পতম সময়ে আট বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচারকাজ সম্পন্ন করে রায় ঘোষণা এবং উচ্চ আদালতে আপিল নিষ্পত্তি করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া এক বিশেষ বিবৃতিতে আইনমন্ত্রী এই নজিরবিহীন বিচারিক সাফল্যের তথ্য তুলে ধরেন। এ সময় সংসদ অধিবেশনে সভাপতিত্ব করছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
বিবৃতিতে আট বছরের শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ার বিস্তারিত তুলে ধরে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, গত ১৯ মে ২০২৬ তারিখে টেকনাফ থেকে তেঁতুলিয়া এবং রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত দেশের প্রতিটি মানুষের হৃদয়কে যে নির্মম ঘটনাটি ক্ষতবিক্ষত করেছিল, তা হলো আট বছরের শিশু রামিসাকে তার প্রতিবেশী সোহেল রানা কর্তৃক ধর্ষণ ও হত্যা। ঘটনার ভয়াবহতা বিবেচনায় নিয়ে আনুষ্ঠানিক মামলা দায়েরের আগেই পুলিশ তাৎক্ষণিক অভিযানে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
মামলাটির নজিরবিহীন দ্রুতগতির বিচারিক কার্যক্রমের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, নৃশংস এই ঘটনাটি ঘটেছিল ১৯ মে, আর পুলিশ অত্যন্ত পেশাদারিত্ব ও দ্রুততার সাথে মাত্র পাঁচ দিনের মাথায় ২৪ মে মামলার চার্জশিট দাখিল করে। এরপর বাংলাদেশের বিচারের ইতিহাসে সবচেয়ে স্বল্পতম সময়ে বিচারকাজ সম্পন্ন করে গত ১৭ জুন এই মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে আদালত প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড প্রদান করেন। এমনকি সর্বোচ্চ কম সময়ের মধ্যে উচ্চ আদালতে এই মামলার আপিল নিষ্পত্তিও সম্পন্ন করা হয়েছে বলে তিনি সংসদকে অবহিত করেন।
এই অভূতপূর্ব দ্রুত বিচারের পেছনে সরকারের শীর্ষ পর্যায়ের সদিচ্ছার কথা উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা, স্বরাষ্ট্রমন্ত্রীর দৃঢ়তা এবং প্রধান বিচারপতির জুডিশিয়াল অ্যাক্টিভিজম ও অনন্য ভূমিকার কারণেই সরকার জনগণের কাছে ন্যায়বিচার নিশ্চিত করার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা রক্ষা করতে পেরেছে। এ জন্য তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচার বিভাগের সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
বিগত ১৬ বছরের বিচারহীনতার সংস্কৃতি চিরতরে দূর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে মন্ত্রী জানান, জেলাভিত্তিক মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া শুরু করার জন্য দেশের যেসব স্থানে তদন্ত দল বা প্রসিকিউশন দল পাঠানো দরকার, মন্ত্রণালয় থেকে তা দ্রুত পাঠানো হবে। এর পাশাপাশি সাম্প্রতিক সময়ে আলোচনায় আসা হাতি হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার প্রক্রিয়াকেও সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগিয়ে নিচ্ছে বলে তিনি জানান।
এ ছাড়া উচ্চ আদালতে দীর্ঘদিন ধরে স্থগিত ও বিচারাধীন থাকা দেশের বহুল আলোচিত ও স্পর্শকাতর মামলাগুলোর বর্তমান অগ্রগতি তুলে ধরে আইনমন্ত্রী সংসদকে জানান, রাষ্ট্রের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে যাতে এসব মামলার বিচার দ্রুত শেষ হয়। এরই অংশ হিসেবে আগামী সপ্তাহ থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে পর্যায়ক্রমে মেজর সিনহা হত্যা মামলা, বিশ্বজিৎ হত্যা মামলা এবং শহীদ আবরার ফাহাদ হত্যা মামলার আপিল শুনানি শুরু হতে যাচ্ছে। এটি ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রের দেওয়া প্রতিশ্রুতিরই অন্যতম বাস্তব প্রতিফলন।
বক্তব্যের শেষ পর্যায়ে দেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার এই চলমান সংগ্রামে সব ধরনের রাজনৈতিক ভেদাভেদ ভুলে গিয়ে সংসদের বিরোধী দলসহ সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন আইনমন্ত্রী।