Tuesday 17 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আইনজীবীর ওপর হামলা: নয়নের বিরুদ্ধে অভিযোগ গুরুত্বসহকারে দেখবে সরকার: আইনমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৬ ২১:৩৩ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৬ ২১:৩৬

সংসদে বক্তব্য রাখছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান – ছবি : সংগৃহীত

ঢাকা: সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলার ঘটনায় যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন ও তার সহযোগীদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা ও আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বিরোধী দলের সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান মোমেন জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করার পর সরকারের পক্ষ থেকে এই বিশেষ আশ্বাস দেওয়া হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া এক বিশেষ বিবৃতির শেষ পর্যায়ে আইনমন্ত্রী এই কথা জানান।

বিজ্ঞাপন

এর আগে সংসদের কার্যপ্রণালির পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান মোমেন অভিযোগ করেন, গত সোমবার (১৬ নভেম্বর) যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন ও তার সহযোগীরা সুপ্রিম কোর্টের আইনজীবী রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর অতর্কিত হামলা চালান। তাকে জোর করে গাড়ি থেকে টেনেহিঁচড়ে নামিয়ে একটি কক্ষে আটকে রাখা হয় এবং লোহার রড দিয়ে পিটিয়ে তার হাত ভেঙে দেওয়া হয়েছে বলেও তিনি সংসদে অভিযোগ করেন।

নাজিবুর রহমান মোমেন বলেন, হামলার সময় ওই আইনজীবী বারবার নিজেকে জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সদস্য হিসেবে পরিচয় দেওয়ার পরও হামলাকারীরা তাকে ছাড় দেয়নি। এ সময় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী উভয়েই উপস্থিত থাকায় তিনি এই ন্যক্কারজনক ঘটনার বিষয়ে দুই মন্ত্রীর স্পষ্ট বিবৃতি প্রত্যাশা করেন। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িত দায়ী ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

বিরোধীদলীয় সংসদ সদস্যের এই বক্তব্যের জবাবে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, একটু আগে বিরোধী দলের সংসদ সদস্য নাজিবুর রহমান মোমেন যে বিষয়টি সংসদে উত্থাপন করেছেন, সরকার সেই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করছে এবং করবে। এ বিষয়ে সংসদের সামনে এই সুস্পষ্ট প্রতিশ্রুতিও প্রদান করেন তিনি।

সারাবাংলা/এফএন/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর