Tuesday 17 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সুপ্রিম কোর্টের আইনজীবীর ওপর হামলার ঘটনায় সংসদে স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর বিবৃতি দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৬ ২১:০৯

জাতীয় সংসদে বক্তব্য রাখছেন জামায়াত সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান – ছবি : সংগৃহীত

ঢাকা: সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রঞ্জুর ওপর হামলার ঘটনায় জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর বিবৃতি দাবি করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান। যুবদল নেতা নয়ন ও তার সহযোগীরা এই হামলা চালিয়েছেন বলে তিনি সংসদে অভিযোগ তোলেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান এই দাবি উত্থাপন করেন।

সংসদে দেওয়া বক্তব্যে নাজিবুর রহমান অভিযোগ করেন, যুবদল নেতা নয়ন ও তার সহযোগীরা গতকাল সোমবার (১৬ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী জাহিদুল ইসলাম রঞ্জুর ওপর অতর্কিত হামলা চালান। হামলার বিবরণ দিয়ে তিনি জানান, ওই আইনজীবীকে গাড়ি থেকে জোর করে টেনেহিঁচড়ে বের করে একটি কক্ষে আটকে রাখা হয় এবং সেখানে বেধড়ক মারধর করা হয়। মারধরের একপর্যায়ে লোহার রড দিয়ে পিটিয়ে তার হাত ভেঙে দেওয়া হয়েছে বলেও সংসদে অভিযোগ করেন জামায়াতের এই সংসদ সদস্য।

বিজ্ঞাপন

ঘটনার সময়কার পরিস্থিতি তুলে ধরে নাজিবুর রহমান আরও বলেন, হামলার শিকার ওই আইনজীবী বারবার নিজেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য এবং বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সদস্য হিসেবে পরিচয় দিলেও হামলাকারীরা তাকে ছাড় দেয়নি।

অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে জামায়াতের এই সংসদ সদস্য বলেন, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী দুজনই উপস্থিত রয়েছেন এবং সুপ্রিম কোর্ট বারের অনেক সদস্যও এই সংসদে আছেন। এমন একটি ন্যক্কারজনক ঘটনার পর সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রীর কাছ থেকে স্পষ্ট বিবৃতি প্রত্যাশা করা হচ্ছিল বলে তিনি উল্লেখ করেন।

দেশে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গ টেনে নাজিবুর রহমান বলেন, বর্তমানে মব জাস্টিস বা দলবদ্ধ বিশৃঙ্খলার বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে কথা বলা হচ্ছে। অথচ একজন আইনজীবীর ওপর এমন নৃশংস হামলার ঘটনায় দায়ী ব্যক্তিকে এখন পর্যন্ত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ এবং সংসদে তাদের আনুষ্ঠানিক বিবৃতি প্রত্যাশা করেন তিনি।

সারাবাংলা/এফএন/এসআর
বিজ্ঞাপন

আরো