ঢাকা: বাংলাদেশ কমার্স ব্যাংকে আমানত সংগ্রহের নামে চার কোটি টাকা ‘আপ্যায়ন ব্যয়’ দেখিয়ে বিধিবহির্ভূত আত্মসাতের জন্য বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে ব্যাংকের বোর্ড। ওই দুই কর্মকর্তা হলেন- ব্যাংকটির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) মো. দেলোয়ার হোসেন এবং (এসএভিপি) মো. হামিদুর রহমান। বাংলাদেশ ব্যাংককে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, গত ১২ নভেম্বর অনুষ্ঠিত পর্ষদের সভায় ব্যাংক ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বরখাস্তের সিদ্ধান্ত নেয়। তার আগে গত ১১ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. এনামুল করিম খানের সঙ্গে পর্ষদ চেয়ারম্যানের এক নির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে কেন্দ্রীয় ব্যাংক দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়া হয়।
বাংলাদেশ কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এস এম আব্দুল হামিদ (এফসিএ) জানান, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনাগুলো দ্রুততম সময়ে পরিপালন নিশ্চিতের প্রক্রিয়া নেওয়া হয়েছে। বরখাস্তের আদেশের কপি এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়েছে। অন্যান্য পদক্ষেপ দ্রুত সম্পন্ন করে কেন্দ্রীয় ব্যাংককে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে।
তিনি আরও বলেন, ‘আর্থিক অনিয়মের কারণে তাদের বরখাস্ত করা হয়েছে। যে পরিমাণ টাকা অনিয়ম হয়েছে, সমপরিমাণ টাকা পুনর্জমা ওদেয়ার কথা বলা হয়েছে। মূলত এসইভিপি দেলোয়ার হোসেন এনআরবিসি ব্যাংকে কর্মরত ছিলেন এবং গুরুতর আর্থিক অনিয়মের দায়ে চাকরিচ্যুত হন।’
জানা গেছে, তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ ৭৪ কোটি টাকা আত্মসাৎ এবং ৭ লাখ মার্কিন ডলার মূল্যের রফতানি পণ্যের অর্থ দেশে না আনার অভিযোগে মামলা চলমান রয়েছে। এ ছাড়া, বাংলাদেশ কমার্স ব্যাংকের একটি নিরীক্ষায় তার বিরুদ্ধে ট্রেড-বেজড মানিলন্ডারিংয়ের অভিযোগও উঠে এসেছে।