ঢাকা: জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুরে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক শিল্পপ্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতক ১১ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং কারাগারে থাকা আটজনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
মামলার ১৯ আসামির মধ্যে গ্রেপ্তার রয়েছেন সাবেক শিল্পপ্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারসহ আটজন। অন্যদিকে সাবেক যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ১১ জন পলাতক রয়েছেন।
মামলার অন্য আসামিরা হলেন ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহ, মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দীন মাহমুদ ওরফে এসএএম জাহিদ, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি গাজী মেজবাউল হক সাচ্চু, আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জামাল মোস্তফা এবং ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. তাইজুল ইসলাম চৌধুরী (বাবলী)।
এ ছাড়া ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও যুবলীগের ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি মো. হুমায়ুন রশিদ ওরফে জনি, তৎকালীন ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, মিরপুর বিভাগের তৎকালীন উপপুলিশ কমিশনার মো. জসিম উদ্দিন মোল্লা, দারুস সালাম জোনের তৎকালীন অতিরিক্ত উপপুলিশ কমিশনার এমএম মইনুল ইসলাম, পল্লবী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান, মিরপুর মডেল থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা মুন্সি সাব্বির হোসেন, যুবলীগ নেতা মো. সাদ্দাম হোসেন মিতুল, মো. শরীফ, যুবলীগ কর্মী মো. স্বপন ব্যাপারী এবং যুবলীগ নেতা মোরসালিন রানাও এ মামলার আসামি।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, মঈনুল করিম, তারেক আবদুল্লাহসহ অন্যরা।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই এবং ৪ ও ৫ আগস্ট মিরপুর-১০ নম্বর গোলচত্বর ও পল্লবীর বিভিন্ন এলাকায় ৫০ জনের বেশি নিরীহ ও নিরস্ত্র ছাত্র-জনতাকে গুলি করে হত্যা করা হয়। এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।
প্রসিকিউশনের দাখিল করা অভিযোগে ওই কয়েক দিনের ঘটনার বিবরণ তুলে ধরার পাশাপাশি প্রত্যেক আসামির পৃথক ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে। গণঅভ্যুত্থানের সময় মিরপুরে আন্দোলনকারী ও বেসামরিক নাগরিকদের ওপর হত্যাকাণ্ড, হামলা এবং অন্যান্য অপরাধের ঘটনাগুলো মামলার অভিযোগের অন্তর্ভুক্ত।