দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে আজ তৃতীয় দিনের শুরুটা বাংলাদেশের জন্য ছিল হতাশার। তবে সেশনের শেষভাগে তিন উইকেট তুলে নিয়ে ম্যাচ ফিরে নাজমুল হোসেন শান্তর দল। প্রতিকুল আবহাওয়া দিনের পরের গল্পটা আর লিখতে দিল না! দ্বিতীয় সেশনের খেলা শুরু হওয়ার আগে জোহানেসবার্গের আকাশে বৃষ্টি, বজ্রপাত আর ঘন কালো আকাশ। ততে পরে আর খেলা শুরু করাই সম্ভব হয়নি। তৃতীয় দিনের দ্বিতীয়, তৃতীয় সেশনের পুরোটা গেছে বৃষ্টির পেটে।
তৃতীয় দিনের প্রথম সেশন শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর যেখানে ছিল স্বাভাবিকভাবে দিন শেষেও সেখানেই, ৭ উইকেটে ৩৮৬ রান। প্রোটিয়া এখনো পিছিয়ে আছে ১৪ রানে। রায়ান রিকেলটন অপরাজিত আছেন ৫৬ রানে। পেশিতে টান পেয়ে ৪৯ রান করে মাঠ ছাড়া টেম্বা বাভুমাও ব্যাটিংয়ে ফেরার জন্য প্রস্তুত বলে জানা গেছে।
আগামীকাল টেস্টের চতুর্থ দিনের সকলটা হতে পারে গুরুত্বপূর্ণ সময়। ৮৩ ওভারের পর নতুন বল নেওয়ায় বল এখনো পুরনো হয়নি। সকালের পিচে এই সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশি পেসাররা প্রোটিয়াদের দ্রুত ফেরানোর পরিকল্পনা করবেন নিশ্চয়।
জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে চতুর্থ ইনিংসে রান তাড়া করা বরবরই কঠিন। ফলে বাংলাদেশ কাল প্রোটিয়াদের দ্রুত গুটিয়ে দিয়ে চ্যালেঞ্জিং একটা লিড দাঁড় করাতে পারলে তাতে জয়ের রাস্তা তৈরি হতে পারে।
আজ তৃতীয় দিনের প্রথম সেশনটা কেটেছে বেশ ঘটনাবহুল। সকালে দিনের খেলা যখন শুরু হলো টেম্বা বাভুমা অপরাজিত ছিলেন ১৯ রানে, আর রিকেলটন ৭ রানে। দিনের শুরুতে দুজনের বিপক্ষে সুবিধা করতে পারেনি বাংলাদেশের বোলিং আক্রমণ। এর মধ্যে মেহেদি হাসান মিরাজ অবশ্য একটা ভালো সুযোগ এনে দিয়েছিলেন। ব্যক্তিগত ৩০ রানের মাথায় মিরাজের বলে ক্যাচ তুলেছিলেন রিকেলটন। কিন্তু নিতে পারেননি অভিষিক্ত মাহফিজুল ইসলাম রবিন। রিকেলটন আর ভুল করেননি। বাভুমাও ব্যাটিং করে গেছেন নিখুঁত।
তার চেয়েও বড় দুশ্চিন্তা হয়ে দাঁড়ায় হাসান মাহমুদের চোট। ডানহাতের এলবোর অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন দুর্দান্ত ফর্মে থাকা হাসান। হাসান মাঠ ছাড়ার পরও আজ এক ওভারের জন্যও তৃতীয় পেসার ইবাদত হোসেনকে বোলিং করতে ডাকেননি বাংলাদেশ অধিনায়ক। এর মধ্যে নিজের ৪৯ রানের মাথায় পেশির টানে মাঠ ছাড়েন টেম্বা বাভুমা। তাতেই বুঝি বাংলাদেশ একটু সুযোগ পেল! ৮৩ ওভার পর নতুন বলও নিয়ে নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বাভুমার মাঠ ছাড়া আর নতুন বল পাওয়া দুই মিলিয়ে যেন জেগে উঠেন বাংলাদেশি পেসাররা। বাভুমার জায়গায় ব্যাটিং করতে নামা অলরাউন্ডার ভিয়ান মুন্ডারকে লিটন দাসের ক্যাচ বানান তাসকিন আহমেদ। পরের ওভারে মার্কাস ইয়ানসনকেও ফেরান তাসকিন। বাংলাদেশি পেসারকে খোঁচা মারতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন ইয়ানসন। চিকিৎসা নিয়ে মাঠে ফেরা হাসান মাহমুদ সেশনের শেষভাগে ফিরিয়েছেন সাইমন হার্মারকে। হার্মারের ক্যাচও নিয়েছেন লিটন।
লিটন এখন পর্যন্ত এই ইনিংসে ছয়টি ক্যাচ নিলেন। বাংলাদেশি উইকেটরক্ষকদের মধ্যে এক ইনিংসে যৌথভাবে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার রেকর্ড এটা। আর একটা ক্যাচ নিতে পারলে বিশ্বরেকর্ডেও নাম উঠবে কিপার লিটনের। তার আগে ব্যাট হাতে সেঞ্চুরিও করেছেন। এখন পর্যন্ত হাসানের সংগ্রহ ৪ উইকেট। তাসকিনের ২টি, অপরটি মুমিনুল হকের।
লিটন দাস আর তাওহিদ হৃদয়ের সেঞ্চুরিতে বাংলাদেশ প্রথম ইনিংসে তুলেছিল ঠিক ৪০০ রান।