Tuesday 17 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশের বিপক্ষে বড় লিড নিতে চায় দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৬ ১০:৩২ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৬ ১২:৩৪

জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে ৪০০ রান তুলেও খুব একটা স্বস্তিতে নেই বাংলাদেশ। স্বাগতিকরাও যে ব্যাটিং করে যাচ্ছে দাপুটে। মার্কাস অ্যাকারম্যানের দেড়শোর্ধ্ব রানের ইনিংসের কল্যাণে কাল ৪ উইকেটে ২৮৭ রান তুলে টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। দিন শেষে সেই অ্যাকারম্যান বললেন, বাংলাদেশের বিপক্ষে বড় রানের লিড নিতে চায় দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশের ৪০০ রানের জবাব দিতে নেমে প্রথম ওভারেই উইকেট হারালেও পরে দাপট দেখিয়েছেন দক্ষিণ আফ্রিকানরা। ইনিংসের প্রথম ওভারেই এইডেন মার্করামকে সাজঘরে ফেরান হাসান মাহমুদ। তবে দ্বিতীয় উইকেটে ২০২ রানের জুটি গড়ে বাংলাদেশকে উল্টো চাপে ফেলেন মার্কাস অ্যাকারম্যান ও জুবায়ের হামজা।

বিজ্ঞাপন

দিনের শেষ সেশনে এই দুজনকে এবং ম্যাথু ব্রিটজকে ফিরিয়ে অবশ্য লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ। অ্যাকারম্যানের মতে এই মুহূর্তে ম্যাচে কোনো দলই এগিয়ে নেই। তবে দক্ষিণ আফ্রিকার এগিয়ে যাওয়ার ভালো সুযোগ আছে বলেছেন তিনি।

অ্যাকারম্যান বলেন, ‘আমার মনে হয় না এখনও কেউ এগিয়ে আছে। দিনটা দারুণ ছিল আমাদের জন্য। আমাদের ভালো জুটি হচ্ছে, এগিয়ে যাচ্ছি। এভাবে চলতে থাকলে আশা করি ৪০০ রান পার করে যেতে পারব। আশা করি ম্যাচ পাঁচ দিনে যাবে। সামনে বল আরও নিচু হবে। ফলে ব্যাট করাটা বেশ কঠিন হবে। শেষ দুই দিন ব্যাটিং করা কঠিন হবে ফলে প্রথম ইনিংসটা আমাদের জন্য বেশ জরুরি।’

ক্যারিয়ারের তৃতীয় টেস্ট খেলতে নেমে প্রথম সেঞ্চুরি পাওয়ার ইনিংসটাকেই কিভাবে দেড়শর ওপারে টেনে নিলেন সেই পরিকল্পনার কথাও জানিয়েছেন অ্যাকারমান। সেই সঙ্গে প্রোটিয়া মিডল অর্ডার সম্পর্কে বাংলাদেশকে একটা ধারণাও হয়ত দিতে চাইলেন।

অ্যাকারম্যান বলেন, ‘আসলে এখানের উইকেট নতুন বলে বোলারদের সাহায্য করে। আমি ব্যাপারটা আগেই জানতাম। বল কিছুটা দ্রুত এসেছে নতুন বলে। আমি চেয়েছি নতুন বলে সময়টা কাটিয়ে দিতে, যেভাবেই হোক। ২, ৩ বা ৪ নম্বর স্পেলে তাদেরকে বোলিংয়ে আনতে চেয়েছি। যত লম্বা সময় টানতে পারব, তত মিডল অর্ডারের কাজ সহজ হবে। আমরা জানি আমাদের মিডল অর্ডার কতটা ভয়ঙ্কর হতে পারে। এখনও অনেক কাজ করা বাকি আছে। তবে আমি বলব কালকে বড় লিড নেওয়ার ভালো সুযোগ আছে।’

দিন শেষে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা অপরাজিত ছিলেন ১৯ রানে। তার সঙ্গে রায়ান রিকেলটন অপরাজিত ৭ রানে। বাংলাদেশ নিশ্চয় চাইবে প্রোটিয়াদের দ্রুত গুটিয়ে দিতে।

বিজ্ঞাপন

সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার
১৭ নভেম্বর ২০২৬ ১১:৪৮

আরো

সম্পর্কিত খবর