Tuesday 10 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সংসদে আইনমন্ত্রী / আ.লীগ আমলের হত্যা-গুম-নির্যাতনে ১৮৮৩ মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৬ ২১:১৩

সংসদে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

ঢাকা: বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত হত্যা, গুম ও নির্যাতনের ঘটনায় জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের বিভিন্ন জেলায় মোট ১ হাজার ৮৮৩টি মামলা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এসবের মধ্যে ৮০৫টি হত্যা মামলা এবং ১ হাজার ৭৮টি মামলা অন্যান্য ধারায় দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য রোকেয়া বেগমের লিখিত প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ তথ্য জানান।

তিনি উল্লেখ করেন, দায়েরকৃত মামলার মধ্যে ২৯৩টির তদন্ত শেষে ইতোমধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে, যার বিচার কার্যক্রম বর্তমানে চলমান। তবে ঘটনাস্থল-সংক্রান্ত জটিলতা এবং একই ঘটনায় একাধিক মামলা হওয়ায় ৯১টি মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে এবং বাকি ১ হাজার ৪৯৯টি মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

আইনমন্ত্রী বলেন, ‘প্রতিটি মামলায় প্রাসঙ্গিক সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ ও আইনি প্রক্রিয়া অনুসরণের ওপর জোর দেওয়া হচ্ছে। বিপুলসংখ্যক মামলার তদন্ত কিছুটা সময়সাপেক্ষ হলেও দ্রুত প্রতিবেদন দাখিলের লক্ষ্যে পুলিশ কাজ করে যাচ্ছে। পাশাপাশি এসব মামলা যথাযথভাবে পরিচালনা ও দ্রুত নিষ্পত্তির জন্য পাবলিক প্রসিকিউটরদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং অগ্রগতির বিষয়টি নিয়মিত পর্যালোচনা করা হচ্ছে।’

এছাড়া জুলাই ২০২৪-এর ছাত্র-জনতার আন্দোলনে হামলাকারীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত ৭৯টি মামলা হয়েছে বলে জানান আসাদুজ্জামান। এর মধ্যে আটটি মামলার রায় নিষ্পত্তি হয়েছে, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৭৩ জন আসামিকে মৃত্যুদণ্ড ও আমৃত্যু কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। বর্তমানে ২৬টি মামলা বিচারাধীন এবং ৪৫টি তদন্তাধীন রয়েছে বলে জানান মন্ত্রী। বিগত সরকারের আমলে অপরাধের শিকার পরিবারগুলোকে ন্যায়বিচার দিতে সরকার বদ্ধপরিকর বলেও তিনি পুনর্ব্যক্ত করেন।

সারাবাংলা/এফএন/এমএম
বিজ্ঞাপন

চট্টগ্রামে তেলের গোডাউনে আগুন
১০ নভেম্বর ২০২৬ ২১:০৭

আরো

সম্পর্কিত খবর