Tuesday 10 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাবনায় ৬১১ বস্তা সার লুটের ঘটনায় মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৬ ১৫:৩৬

‎পাবনা: জেলার চাটমোহরে হট্টগোল ও ভাঙচুর করে ৬১১ বস্তা সার লুটের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) রাত ১১টার দিকে মামলাটি দায়ের করা হয়।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) অলিউর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, সার গোডাউন ভাঙচুর ও সার লুটের ঘটনায় ডিলার প্রবীর কুমার পালের ম্যানেজার নিরঞ্জন কুমার ঘোষ বাদী হয়ে চাটমোহর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।

ওসি আরো জানান, মামলার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনা এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

এর আগে, ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন।
‎
‎সোমবার (৯ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসক আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়।
‎
‎কমিটির আহ্বায়ক করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালীকে। কমিটির অন্য দুই সদস্য হলেন— পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. সাখাওয়াত হোসেন এবং কৃষি সম্প্রসারণ অধিদফতর পাবনার অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. লুৎফর রহমান।
‎
‎অফিস আদেশে কমিটিকে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে সুস্পষ্ট মতামত ও সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে। কিন্তু কয়দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে হবে সেটি উল্লেখ করা হয়নি।
‎
‎প্রসঙ্গত, সোমবার (৯ নভেম্বর) দুপুরে চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে একটি টিনশেড ঘরে সরকারি সার বিতরণের সময় এ ঘটনা ঘটে।
‎
‎স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ঘর থেকে সরকারি সার বিতরণ করছিলেন ডিলার প্রদীপ কুমার পাল। এ সময় সার নিতে আসা কৃষকদের মধ্যে লাইনে দাঁড়ানো নিয়ে ও দেরিতে সার দেওয়া নিয়ে হট্টগোল শুরু হয়। এ সময় ছাইকোলা বাজারে আরও দুইজন ডিলার সার বিতরণ করছিলেন।

বিজ্ঞাপন

কিন্তু ওই দুই ডিলার সার বিতরণ হঠাৎ করে বন্ধ করে দেন। সবাই এসে তখন ডিলার প্রদীপ কুমার পালের দোকানে ভিড় করেন। এ সময় সার না পেয়ে অনেক মানুষ ক্ষিপ্ত হয়ে পড়েন। একপর্যায়ে উত্তেজিত লোকজন ডিলারের টিনশেড ঘর ভাঙচুর করেন। এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ সার নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে।
‎
‎পরে হিসাব করে দেখা যায়, গুদামে মোট ১ হাজার ১৮১ বস্তা সার ছিল। এর মধ্যে ১৭০ বস্তা বিতরণ করা হয়েছে, ৪০০ বস্তা মজুত রয়েছে এবং ৬১১ বস্তা সার লুট হয়েছে বলে দাবি করা হয়েছে।
‎
‎খবর পেয়ে জেলা প্রশাসক আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান, কৃষি বিভাগের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক, উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ এবং চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওলিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মাইকিং করে কৃষকদের নেওয়া সার ফেরত দেওয়ার আহ্বান জানানো হয়।
‎
‎জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, ‘জেলায় সারের কোনো সংকট নেই। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুত প্রতিবেদন চাওয়া হয়েছে। প্রতিবেদন আসার পর ব্যবস্থা নেওয়া হবে।’

পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামানিক বলেন, ‘ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসক-সহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমাদের হিসেব মতে এখন পর্যন্ত ৬১১ বস্তা সার মিসিং। আমাদের প্রাথমিক ধারণা এটি কোনো পূর্ব পরিকল্পিত ঘটনা হতে পারে।’

সারাবাংলা/এমএম
বিজ্ঞাপন

আহ্বান
১০ নভেম্বর ২০২৬ ১৯:০৮

আরো

সম্পর্কিত খবর