Tuesday 17 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাবিতে ককটেল বিস্ফোরণ, প্রক্টরকে নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতির হুমকি

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৭ নভেম্বর ২০২৬ ২২:১৪ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৬ ২২:১৫

ককটেল বিস্ফোরণ ও নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু।

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মেইন গেটে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সময়ে বিশ্ববিদ্যালয় শাখার নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু ফোন করে আগামী ১৯ তারিখে ক্যাম্পাস বন্ধ রাখার হুমকি দিয়েছেন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই হুমকি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে ক্যাম্পাস খোলা রাখার ঘোষণা দিয়েছেন এবং শিক্ষার্থীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের দেওয়ালের ওপর ককটেল চার্জ করা হয়। গেটে ডিউটিরত আনসার সদস্য প্রক্টরকে ফোন করে ককটেল বিস্ফোরণের বিষয়টি জানান। দুটি ককটেলের মধ্যে একটি বিস্ফোরিত হলেও অপরটি অবিস্ফোরিত অবস্থায় থেকে যায়। খবর পাওয়ার পরপরই প্রক্টর ইমিডিয়েটলি জোহা চত্বরে দায়িত্বে থাকা পুলিশ টিমকে অবহিত করেন এবং পুলিশ ২-৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায়।

বিজ্ঞাপন

অন্যদিকে ঘটনা নিয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগের সময় প্রক্টরের মোবাইলে একটি কল আসে। ফোনকারী ব্যক্তি নিজেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু হিসেবে পরিচয় দেন। মোস্তাফিজুর রহমান বাবু প্রক্টরকে সরাসরি হুমকি দিয়ে বলেন, ‘স্যার, আগামী ১৯ তারিখে ক্যাম্পাস অবশ্যই বন্ধ রাখবেন। নইলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে।’

হুমকির জবাবে বিশ্ববিদ্যালয় প্রক্টর বলেন, ‘তোমার আপা পালাইছে, তুমিও পালাইছো। তোমার যদি এত সাহস থাকে, তুমি ক্যাম্পাস বন্ধ করতে চাও, আসো ক্যাম্পাসে; তারপরে আমরা দেখব। আমি ক্যাম্পাস খোলা রাখব। তোমার যদি সাহস থাকে আর তুমি যদি আসতে পারো, ক্যাম্পাস বন্ধ করার পারলে ঠেকাও।’ কথাটি বলেই প্রক্টর ফোন কেটে দেন।

ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ও শিক্ষার্থীদের আশ্বস্ত করে প্রক্টর জানান, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা এবং দেশজুড়ে অলিক কল্পনার ওপর ভিত্তি করে তৈরি করা আতঙ্কের অংশ। প্রক্টর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এই ঘটনা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো সুযোগ নেই; প্রশাসন শিক্ষার্থীদের পাশে রয়েছে। ক্যাম্পাসে কোনো ধরনের নৈরাজ্য তৈরি করার সুযোগ দেওয়া হবে না এবং পুলিশ বাহিনীর সহায়তায় কঠোরভাবে পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে।

বর্তমান পরিস্থিতি

ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মেইন গেটে অবিস্ফোরিত ককটেলটি নিরাপদে উদ্ধার ও নিষ্ক্রিয় করার জন্য বোম ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌঁছেছে। ককটেলটি নিরাপদে নিষ্ক্রিয় করার কাজ চলমান রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর