ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে রুল জারি করেছেন আদালত।
বুধবার (১৮ নভেম্বর) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালত জানতে চেয়েছেন, এইচএসসি পরীক্ষার সম্পূরক ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) জারি করা নির্দেশিকা (সংযুক্তি-বি) অনুসরণ না করে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না। রিটকারী আইনজীবী ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের ভর্তি কার্যক্রম শুরু হয়েছিল গত ১১ নভেম্বর দুপুর ১২টায়। অনলাইনে আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছিল ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
এ শিক্ষাবর্ষে পাঁচটি ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা ছিল। ইউনিটগুলো হলো-কলা, আইন ও সামাজিক বিজ্ঞান; বিজ্ঞান; ব্যবসায় শিক্ষা; চারুকলা এবং আইবিএ।
এবার চারটি ইউনিটে ভর্তি পরীক্ষার আবেদন ফি বাড়ানো হয়েছিল। বিজ্ঞান, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে আবেদন ফি ১ হাজার ৫০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ২০০ টাকা করা হয়। চারুকলা ইউনিটে ফি ১ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়। তবে আইবিএ ইউনিটে আগের মতোই ১ হাজার ৫০০ টাকা আবেদন ফি রাখা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা অপরিবর্তিত রাখা হলেও কয়েকটি অনুষদ ও ইনস্টিটিউটের বিভাগে ভর্তির শর্ত শিথিল করা হয়েছিল। এর আওতায় কিছু বিভাগের ভর্তি পরীক্ষায় নির্দিষ্ট বিষয়ে প্রয়োজনীয় নম্বর এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় কয়েকটি বিষয়ে ন্যূনতম গ্রেডের শর্ত কমানো হয়।
গত ৯ নভেম্বর নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল, চারটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক-সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের যেকোনো শাখা অথবা অনলাইনে ডেবিট-ক্রেডিট কার্ড ও মোবাইল আর্থিক সেবার মাধ্যমে ভর্তি পরীক্ষার আবেদন ফি জমা দেওয়া যাবে।